Image description

নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় ভারতের রাজধানী দিল্লি ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এমএ মালিক)। একই সঙ্গে তাঁকে হত্যা কিংবা গুম করার পরিকল্পনা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ ও আশঙ্কার কথা জানান তিনি।

 

এমপি মালিক বলেন, দিল্লি থেকে তাঁকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। কোনো কারণে তাঁর মৃত্যু হলে কিংবা তিনি গুমের শিকার হলে এর পেছনে সংশ্লিষ্ট পক্ষের হাত থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

 
 

তিনি আরও বলেন, ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা সিলেট দখল নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যের বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ ও চ্যালেঞ্জ জানিয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

মালিক বলেন, এ দেশ মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে গড়ে উঠেছে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পেছনে ভারতের সম্পৃক্ততা রয়েছে বলে সাধারণ মানুষের মধ্যেও ধারণা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এলাকার আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মানবাধিকার রক্ষার পক্ষে নিজের অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, কোনো নিরীহ মানুষকে যেন পুলিশ হয়রানি না করে।

নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনার প্রসঙ্গে এমপি মালিক বলেন, ওই ঘটনার পর তাঁর স্ত্রী ও ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁরা এখনো মানসিক অস্থিরতা ও বিষণ্নতার মধ্য দিয়ে সময় পার করছেন। তবে হামলা, ভয়ভীতি কিংবা হুমকি দিয়ে তাঁকে দমিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

এমপি মালিক আরও জানান, অতীতেও বিভিন্ন সময়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি লন্ডনেও তাঁর ওপর হামলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া লন্ডন থেকেও তাঁকে কেন্দ্র করে উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে দাবি করেন এই সংসদ সদস্য। তবে কোনো ধরনের হুমকি কিংবা চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং নিজের অবস্থানে অটল থাকবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলিতে ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন এমএ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।