‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আল্লাহ হাফেজ’—এমন মন্তব্য করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এক ছাত্রদল নেতা।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক পেজে ৮ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য প্রকাশ করে এ ঘোষণা দেন তিনি।
রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়া ওই নেতার নাম শামীম হোসেন। তিনি উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি ওই ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামে। তিনি মোফাজ্জেল হোসেনের ছেলে।
শামীম হোসেনের দাবি, তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ প্রদানের উদ্যোগে তিনি আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখায় মৌখিক পরীক্ষায়ও অংশ নেন। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ছয়জনের তালিকা প্রকাশ করা হলে সেখানে তাঁর নাম না থাকায় হতাশ ও ক্ষুব্ধ হন তিনি। এর পরিপ্রেক্ষিতেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন বলে ভিডিও বক্তব্যে জানান।
ভিডিওতে শামীম বলেন, কালীগঞ্জ থেকে পাঁচ শতাধিক উদ্যোক্তা ঋণের জন্য আবেদন করেছিলেন। সেখান থেকে প্রাথমিকভাবে ৫০ জনকে বাছাই করা হয়। তাঁদের মধ্যে তিনিও ছিলেন। খুলনায় মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ভালো করেছেন বলেও দাবি করেন তিনি।
তাঁর ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে নির্বাচিত ৫০ জনের মধ্যে ছাত্রদলের পদধারী নেতা ছিলেন মাত্র দুজন। তাঁদের একজন তিনি এবং অন্যজন কালীগঞ্জ পৌর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি তৌহিদ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ভালো উদ্যোগ নিয়েছেন। কিন্তু চূড়ান্ত তালিকায় যোগ্যদের বাদ দিয়ে আওয়ামী পরিবারের সন্তানদের নির্বাচিত করা হয়েছে বলে তাঁর অভিযোগ। এ বিষয়ে কারা তাঁদের মনোনীত করেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে শামীম বলেন, ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে তাঁকে চারটি মামলার আসামি হতে হয়েছে। একাডেমিক জীবনে দুই বছর ক্ষতির মুখে পড়েছেন এবং পরীক্ষা চলাকালে গ্রেপ্তার হয়ে ৮৭ দিন কারাভোগ করেছেন। সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কথাও উল্লেখ করেন তিনি।
ভিডিও বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে শামীম বলেন, তরুণ উদ্যোক্তাদের ঋণ প্রদানের চূড়ান্ত তালিকায় কারা স্থান পেয়েছেন, বিষয়টি যেন খতিয়ে দেখা হয়। তাঁর অভিযোগ, দলের দুঃসময়ে যারা আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁরা এখন অবহেলিত হচ্ছেন। অন্যদিকে সুবিধাভোগীরা দলের সুযোগ-সুবিধা ভোগ করছেন।
শামীম আরও জানান, তাঁর পাখি ও কবুতরের একটি খামার রয়েছে। পাশাপাশি তিনি গরুর খামারও শুরু করেছেন। ঋণটি পেলে খামার সম্প্রসারণের মাধ্যমে ভালো কিছু করার পরিকল্পনা ছিল তাঁর।
ভিডিওর শেষাংশে তিনি রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে ভবিষ্যতে ছাত্রদলের কোনো মিছিল, মিটিং কিংবা দলীয় কর্মসূচিতে অংশ নেবেন না বলেও জানান। অন্য ছাত্রদল নেতাকর্মীদেরও নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
ভিডিও প্রকাশের বিষয়ে শামীম হোসেন বলেন, কাউকে ছোট করা কিংবা কারও প্ররোচনায় তিনি ভিডিওটি প্রকাশ করেননি। দলের জন্য নিজের ক্যারিয়ারের ক্ষতি করেছেন, অথচ দল ক্ষমতায় আসার পর অবহেলা পেয়েছেন—এমন হতাশা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, ছাত্রনেতা শামীমের ফেসবুকে দেওয়া ভিডিওটি তিনি দেখেছেন। ব্যস্ততার কারণে এখনো তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে যোগাযোগের চেষ্টা করছেন বলে জানান তিনি।