স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ঘিরে একের পর এক বিতর্ক যেন থামছেই না। বিএনপি সরকারের বয়স সবেমাত্র নয় মাস অতিক্রম করলো। আর এই অল্প সময়ের মধ্যেই শাহে আলম এতো অঘটন ঘটিয়েছেন, যার নজির অতীতে নেই। কখনো নিজের পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়নের নামকরণ, কখনো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা, কখনো সম্পদ নিয়ে বিতর্ক, আবার কখনো সরকারি প্রকৌশলীদের উদ্দেশে ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণসংক্রান্ত বক্তব্য- বিভিন্ন ঘটনায় বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসছেন তিনি।
একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব যেখানে রাষ্ট্রীয় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসন ও জনস্বার্থ নিশ্চিত করা, সেখানে তাঁর কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে বারবার বিতর্ক তৈরি হওয়া স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গন, প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন প্রতিমন্ত্রীর বক্তব্য ও আচরণ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।
সাম্প্রতিক সময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণ নিয়ে তাঁর বক্তব্যের পর নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পর্যন্ত এ বক্তব্যের কঠোর সমালোচনা করেছে।
যদিও পরবর্তী সময়ে প্রতিমন্ত্রী বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন, তবুও প্রশ্ন উঠেছে- একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তাদের সামনে এমন বক্তব্য কীভাবে দেন? মোটকথা তাঁর এ বক্তব্যকে ঘিরে সরকারের স্বচ্ছতা-জবাবদিহীতা প্রশ্নের মুখে পড়েছে। সরকারি দল এবং সরকারের মধ্যে ক্ষোভ-অসন্তোষ তৈরি হয়েছে। সরকারের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণ নিয়ে বিতর্কিত বক্তব্য, টিআইবির কঠোর সমালোচনা
মীর শাহে আলমকে ঘিরে সর্বশেষ বড় বিতর্কের সূত্রপাত ২০২৬ সালের ১০ নভেম্বর।
ওই দিন আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ঠিকাদারদের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের বিষয়ে মন্তব্য করেন।
আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, ঠিকাদার তাঁর লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে সেটি ঘুষের মধ্যে পড়বে না এবং প্রকৌশলী তা গ্রহণ করতে পারবেন।
প্রতিমন্ত্রীর এমন বক্তব্য প্রকাশ্যে আসার পরই প্রশ্ন ওঠে- সরকারি উন্নয়নকাজের তদারকি, কাজের মান যাচাই, বিল অনুমোদন কিংবা ঠিকাদারকে অর্থ পরিশোধের মতো দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সরকারি কর্মকর্তা ঠিকাদারের কাছ থেকে লভ্যাংশের অংশ গ্রহণ করতে পারেন কি-না?
এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি প্রকৌশলীদের দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁদের চাকরির অংশ। এ জন্য তাঁরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পান। ঠিকাদারের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা গ্রহণের পরামর্শ দেওয়া অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং আইনবিরোধী।
টিআইবি আরও সতর্ক করে জানায়, এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবি ও গ্রহণকে উৎসাহিত করতে পারে। ঠিকাদারদের কাছ থেকে উপহার গ্রহণের সুযোগ তৈরি হলে প্রকৌশলীদের নিরপেক্ষতা, প্রকল্পের গুণগত মান এবং সরকারি ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
টিআইবি দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারাসহ সরকারি কর্মচারীদের আচরণবিধির বিষয় উল্লেখ করে জানায়, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণের সুযোগ নেই। সংস্থাটি প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা এবং এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানায়।
তবে বিতর্কের পরদিন, ১১ নভেম্বর, প্রতিমন্ত্রী তাঁর অনানুষ্ঠানিক বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ও সংবাদমাধ্যমে পাঠানো ব্যাখ্যায় জানায়, প্রতিমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্যের বাইরে অনানুষ্ঠানিক আলোচনার কিছু অংশ প্রচার করে বিতর্ক তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, বক্তব্যকে ঘুষ বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে উপস্থাপন করা অসত্য ও বিভ্রান্তিকর।
কিন্তু প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ঠিকাদারের লভ্যাংশের অংশ নেওয়ার বৈধতার কথা-ই প্রতিমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন। তাও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দিয়েছেন।
দুই ছেলে ও পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়নের নামকরণ নিয়ে পরিবারতন্ত্রের অভিযোগ
মীর শাহে আলমকে ঘিরে এর আগেও বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছিল বগুড়ায় নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে। ২০২৬ সালের জুনে বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠনের পর সেগুলোর নামকরণ নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যে শিবগঞ্জে ‘মীরবাড়ী’ এবং মোকামতলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামের ইউনিয়ন গঠন করা হয়।
অভিযোগ ওঠে, ‘মীরবাড়ী’ নামটি প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নামের সঙ্গে মিলে গেছে। অন্যদিকে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ তাঁর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ‘স্বর্ণগ্রাম’ নামটি তাঁর এক ভাতিজির ডাকনাম ‘স্বর্ণ’-এর সঙ্গে সম্পর্কিত বলেও স্থানীয় পর্যায়ে অভিযোগ ওঠে। এ ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিবারতন্ত্র এবং ক্ষমতার প্রভাব ব্যবহারের প্রশ্ন সামনে আসে। জাতীয় সংসদের অধিবেশনেও এ প্রশ্ন তোলা হয়।
প্রতিমন্ত্রী অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, স্থানীয় জনগণের গণশুনানি ও মতামতের ভিত্তিতে উপজেলা ও জেলা প্রশাসন যথাযথ আইন অনুসরণ করে ইউনিয়নগুলোর নামকরণ করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ছেলেদের নামের সঙ্গে ইউনিয়নের নামের মিল কেবল কাকতালীয়। তিনি এটাকে ‘মিরাকল’ বলেও আখ্যায়িত করেন। কিন্তু প্রতিমন্ত্রীর এ ব্যাখ্যা নিয়েও প্রশ্ন ওঠে। অনুসন্ধানে দেখা যায়, প্রশাসনের নথিতে গণশুনানির কথা উল্লেখ থাকলেও সংশ্লিষ্ট এলাকার অনেক বাসিন্দা এমন গণশুনানির বিষয়ে জানেন না। নাম প্রস্তাবের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন ওঠে। এ ঘটনায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রতিমন্ত্রীর ব্যাখ্যাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন এবং ক্ষমতার প্রভাব ও পরিবারতন্ত্রের আশঙ্কার বিষয়টি তুলে ধরেন। বিতর্কের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার ওই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে মৌখিক নির্দেশ দেন।
সমালোচনামূলক সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার
প্রতিমন্ত্রীকে ঘিরে আরেকটি গুরুতর বিতর্ক তৈরি হয় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায়। ২০২৬ সালের জুনে বগুড়ায় প্রতিমন্ত্রীকে নিয়ে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের পরিপ্রেক্ষিতে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মানহানি ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে মামলা করা হয়। ১৫ জুন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন মামলার আবেদন করেন। মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
মামলার আবেদনে দাবি করা হয়, প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় ১৯ জুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান। ২১ জুন তিনি জামিন পান।
এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশ, ক্ষমতাসীনদের সমালোচনা করার অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে এ ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী নিজের দায়-দায়িত্ব অস্বীকার করেন। ২০ জুন দেওয়া এক বিবৃতিতে তিনি অনুরোধ করেন, তাঁর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে মামলা, বিবৃতি কিংবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট সাংবাদিকের গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং আইনি প্রক্রিয়ায় বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা জানান। অবশ্য, প্রতিমন্ত্রীর এ বিবৃতিটি যে সরকারের ভেতরের বাইরের চাপের ফলাফল বলেই ধরে নেওয়া হয়েছে রাজনৈতিক মহলে।
স্বামী-স্ত্রীর চাকরি নিয়ে মন্তব্য, নতুন বিতর্ক
মীর শাহে আলমের আরেকটি বক্তব্য নিয়েও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। আগারগাঁওয়ের একটি অনুষ্ঠানে তিনি বলেন, স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুন- এটি তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না। তাঁর মতে, এতে সন্তানদের ওপর প্রভাব পড়ে। একজন মন্ত্রীর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে আপত্তির কিছু না থাকলেও, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের মন্তব্যের সামাজিক তাৎপর্য রয়েছে নিঃসন্দেহেই।
বিশেষ করে কর্মজীবী নারী ও পুরুষের পারিবারিক জীবন, সন্তান লালন-পালন এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণের বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্ত ও সামাজিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির বক্তব্যে নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক অংশগ্রহণের বিষয়ে নেতিবাচক বক্তব্য মোটেই কাম্য নয়।
প্রতিমন্ত্রীর এমন বক্তব্য বর্তমান বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত কর্মসূচির সঙ্গে সাংঘর্ষিকও বটে, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দলীয় অনুসারীদের ডিলারশিপ দেওয়ার ঘোষণা নিয়েও প্রশ্ন
সাম্প্রতিক সময়ে প্রতিমন্ত্রীকে ঘিরে আরেকটি বিতর্কের বিষয় ছিল দলীয় অনুসারীদের ডিলারশিপ দেওয়ার ঘোষণা। ১৫ অক্টোবর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ডিলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছেন মীর শাহে আলম।
এ অভিযোগের প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, সরকারি সুযোগ-সুবিধা ও ব্যবসায়িক অনুমোদন বণ্টনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কতটা প্রভাব ফেলছে। সরকারি বা রাষ্ট্রীয় সুবিধা বণ্টনে স্বচ্ছ নীতিমালা, যোগ্যতা এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে সুবিধা দেওয়ার ধারণা তৈরি হলে তা প্রশাসনিক নিরপেক্ষতা ও সমান সুযোগের নীতিকে প্রশ্নবিদ্ধ করবে। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নের মুখে পড়বে। মীর শাহে আলম নিজেও এ বিষয়গুলো জানেন। তারপরও কেন তিনি এমন বক্তব্য রেখেছেন তা অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন, বলছেন সংশ্লিষ্টরা।
ঠিকাদারি ব্যবসা নিয়ে বিতর্ক: নিজের মন্ত্রণালয়সহ তিন মন্ত্রণালয়ে সরকারি কাজ নেওয়ার অভিযোগ
সবচেয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, যে মন্ত্রণালয়ের অধীনে দেশের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়, সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নিজের কিংবা তাঁর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান সরকারি ঠিকাদারি কাজ পেলে সেখানে স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে কি-না। সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, দরপত্র প্রক্রিয়া, কাজের অনুমোদন এবং বিল পরিশোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তির পারিবারিক ব্যবসায়িক সংশ্লিষ্টতা থাকলে তা স্বচ্ছতা ও জবাবদিহির দেখা দেবে, এটাই স্বাভাবিক।
প্রতিমন্ত্রী হওয়ার পরও মীর শাহে আলমের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সরকারি কাজ পেয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনটি মন্ত্রণালয়ে ঠিকাদারি কাজ এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রায় ৪০ কোটি টাকার সরকারি কাজ পাওয়ার তথ্য উঠে এসেছে। অন্যদিকে তাঁর পারিবারিক প্রতিষ্ঠানের নামে ৭১ কোটি টাকার সরকারি কাজ পাওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২টি কাজের মধ্যে দুটি পেয়েছে রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস লিমিটেড এবং বাকি ১০টি পেয়েছে মীর সীমান্ত ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠান দুটির সঙ্গে প্রতিমন্ত্রী ও তাঁর ছেলের ব্যবসায়িক সংশ্লিষ্টতার বিষয়টি সরকারি চুক্তির নথিতে উঠে এসেছে।
এই ৭১ কোটি টাকার কাজের মধ্যে প্রায় ৫৭ কোটি ৫০ লাখ টাকার ছয়টি চুক্তি দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, যখন মীর শাহে আলম বিসিকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তী সময়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আরও প্রায় ১৩ কোটি ৫০ লাখ টাকার ছয়টি কাজ পেয়েছে এ প্রতিষ্ঠানগুলো।
বিসিকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন এবং পরবর্তী সময়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ- দুটি আলাদা সময়ের ঘটনা। তবে সরকারি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সরকারি চুক্তি পাওয়া এবং পরবর্তী সময়ে নিজের মন্ত্রণালয়ের অধীন দপ্তর থেকে পরিবারের প্রতিষ্ঠানের কাজ পাওয়ার বিষয়টি স্বচ্ছতা ও স্বার্থের সংঘাতের প্রশ্ন তৈরি করেছে। যেহেতু তিনি সরকারের একজন ‘ক্ষমতাবান প্রতিমন্ত্রী’ হিসেবে পরিচিত, তাই এ প্রশ্নগুলো আরও জোরালো হয়েছে।