Image description

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরফান খান মাহি। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরফান খান মাহির কথোপকথনের একটি অডিওতে তিনি এ হুমকি দেন।

ভাইরাল অডিওতে নিজেকে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি পরিচয় দিয়ে পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হয়রানি, মারধর, মোবাইল ফোন রেখে দেওয়া এবং রাতে বাড়িতে গিয়ে হুমকি ও গালাগালির অভিযোগ তুলতে শোনা যায়।

 

এ ছাড়া ওই নেতা বলেন, রামগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আর কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে থানা জ্বালিয়ে দেওয়া হবে।

 

এ ব্যাপারে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গতকাল আরফান খান মাহি নামের এক ব্যক্তি নিজেকে ছাত্রলীগের সাবেক সহসভাপতি পরিচয়ে ফোন দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।