লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা।
শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে এবং থানার সরকারি মুঠোফোন নম্বরে কল করে এ হুমকি দেওয়া হয়। ফেসবুক লাইভ ও ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হুমকিদাতারা হলেন রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।
জানা গেছে, শুক্রবার ফেসবুক লাইভে এসে রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে আবু জাফর রানা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আর একজন নেতা-কর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনও ছাড় দেওয়া হবে না। ওসি আপনাকে বলছি, এখনও সময় আছে। আপনি থাকবেন, আপনার পরিবারও থাকবে, কোথাও যেতে পারবেন না। আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে। পারলে আপনি ঠেকান। হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকবো।
একই দিন অজ্ঞাত স্থান থেকে ওসির ব্যবহৃত সরকারি মুঠোফোন নম্বরে কল করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। ফোনালাপে তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির কথা শুনে আমাদের আওয়ামী লীগের আর একজন নেতা-কর্মীকেও যদি আটক বা হয়রানি করা হয়, তবে আপনাদের (পুলিশ) পরিণতি খারাপ হয়ে যাবে। এবার থানা জ্বালিয়ে দেওয়া হবে। আমাদের নেতা-কর্মীদের নামে কি কোনও মামলা আছে?
এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ ও ছাত্রলীগ নেতার মুঠোফোনে কলের রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।