Image description

কুমিল্লার লাকসামে বিএনপির গুম হওয়া দুই শীর্ষ নেতার স্মরণে আয়োজিত আলোচনা সভায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম। গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তাকে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করায় এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে মামলার বাদি দাবি করেছেন, তার অজান্তেই আইনজীবী ষড়যন্ত্রমূলকভাবে আবুল কালামসহ কয়েকজনের নাম মামলায় অন্তর্ভুক্ত করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে গুমের শিকার দুই নেতার স্মরণে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।

বক্তব্যে আবুল কালাম বলেন, বিএনপির ওই দুই নেতাকে খুঁজে বের করতে তিনি দীর্ঘদিন ধরে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। অথচ তাঁদের গুমের ঘটনায় দায়ের করা মামলায় নিজের নাম বিবাদী হিসেবে দেখে তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন। বিষয়টি তাঁর কাছে অপ্রত্যাশিত ও বেদনাদায়ক।


এ বিষয়ে লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল ও সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু আবুল কালামের ক্ষোভ ও দুঃখ প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, গুমের শিকার হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই ও মামলার বাদি গোলাম ফারুক শনিবার (২৮ নভেম্বর) সকালে মুঠোফোনে বলেন, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় আবুল কালামসহ কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি কিছুই জানতেন না। ওই সময় আইনজীবী তড়িঘড়ি করে একটি আবেদনে তাঁর স্বাক্ষর নেন। আবেদনটি পড়ার সুযোগও দেওয়া হয়নি।


গোলাম ফারুক জানান, তাঁর বাবা রঙ্গু মিয়া ২০১৪ সালের ১৮ মে কুমিল্লার আদালতে একটি মামলা করেছিলেন। ওই মামলায় র‌্যাব-১১-এর (বর্তমানে বিলুপ্ত) বাধ্যতামূলক অবসরে যাওয়া সাবেক অধিনায়ক ও নারায়ণগঞ্জের সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদসহ পাঁচ কর্মকর্তাকে আসামি করা হয়।

তিনি বলেন, বড় ছেলেকে হারানোর শোকে একই বছরের ৩১ আগস্ট তাঁর বাবা মারা যাওয়ার পর তিনি মামলার বাদি হন। কিন্তু পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তাঁর অজান্তে আবুল কালামসহ আরও কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়।

গোলাম ফারুকের অভিযোগ, ওই আইনজীবী ষড়যন্ত্রমূলকভাবে এসব নাম অন্তর্ভুক্ত করেছেন, যাতে আবুল কালাম নির্বাচনে অংশ নিতে না পারেন এবং তাঁদের মধ্যে রাজনৈতিক ও পারিবারিক দূরত্ব তৈরি হয়।

তিনি আরও জানান, বিষয়টি জানার পর আবুল কালামসহ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন এমন কয়েকজনের নাম মামলা থেকে প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগাযোগ ও আবেদন করা হয়েছে।

একই তথ্য জানিয়েছেন গুমের শিকার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান ইসলাম এবং হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল।

এদিকে বিএনপির একাধিক নেতার সূত্রে জানা গেছে, একসময় লাকসামে বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত ছিল। সাংগঠনিক গ্রুপিংয়ের সুযোগ নিয়ে একটি পক্ষ মামলার বাদির সরলতার সুযোগে তাঁকে বিতর্কিত এবং আবুল কালামকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করেছে বলে তাঁদের দাবি।

লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সহসভাপতি আবুল হাসেম মানু ও আবুল হোসেন মিলন, মামলার বাদি ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, রাফসান ইসলাম, শাহরিয়ার কবির রাতুল, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক এবং উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুন্নবী মহসিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে গুমের শিকার বিএনপির তৎকালীন দুই নেতা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু এবং পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁদের সন্ধান দাবি এবং দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে কুমিল্লার লাকসামে বিএনপিসহ বিরোধী দলের আন্দোলন দমনে অভিযান চালায় যৌথবাহিনী। ওই সময় অ্যাম্বুলেন্সে করে এলাকা ছাড়ার পথে উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু এবং পৌর বিএনপির তৎকালীন সভাপতি হুমায়ুন কবির পারভেজকে আটক করে র‌্যাব। এরপর থেকে তাঁদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও তাঁদের খোঁজ মেলেনি।

শীর্ষনিউজ