ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
আবু হানিফ তার পোস্টে বলেন, ‘গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোরেশোরে একটি খবর ছড়িয়ে পড়ছে, শেখ হাসিনা নাকি মারা গেছেন। এমনকি তার মরদেহের ছবি দাবিতে কিছু ছবিও বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে।
তিনি বলেন, এই গুঞ্জন আরও জোরালো হওয়ার অন্যতম কারণ হিসেবে তার দীর্ঘদিনের প্রকাশ্যে অনুপস্থিতির বিষয়টি সামনে আসছে। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয়ে আছেন দীর্ঘ আড়াই বছর যাবত। অনেকের প্রশ্ন, শেখ হাসিনা যদি জীবিত থাকেন, তাহলে তিনি প্রকাশ্যে আসছেন না কেন? তার প্রকাশ্যে আসতে তো কোনো বাধা নাই।
আবু হানিফ আরও বলেন, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার কথিত অডিও বার্তাগুলোকেও অনেকে এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন। মূলত তার প্রকাশ্যে না আসা, কথিত অডিওর সত্যতা নিয়ে বিতর্ক এবং মৃত্যুর দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলোকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। শেখ হাসিনা বেঁচে আছে সেটা প্রমাণ করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পেজ থেকে এক বছর আগের একটা অডিও পোস্ট করেছে। এমন পরিস্থিতিতে জনমনে আরও বেশি সন্দেহ তৈরি হয়েছে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরও যেহেতু শেখ হাসিনা প্রকাশ্যে আসছে না, ‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?’