জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে আওয়ামী লীগ, হিন্দুত্ববাদী ও ইহুদি পক্ষ। সরাসরি মাঠে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা রেমন্ড সালোমন। যিনি ছিলেন ২০২০ সালে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিয়ে নির্মিত ‘বাবা’ চলচ্চিত্রের পরিচালক।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক ও প্রবাসী বাংলাদেশি মহলে নতুন করে বিতর্ক উসকে উঠেছে। তাঁর সফর বিতর্কিত করতে সরাসরি মাঠে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা রেমন্ড সালোমন। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়ে ডা. শফিকুর রহমানের ভিসা বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগ রয়েছে, গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট রেমন্ড সালোমনের সক্রিয় তৎপরতা ও উসকানিতেই উগ্র হিন্দুত্ববাদী ও ইহুদিবাদী হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার দুটি সংগঠন ডা. শফিকুর রহমানের সফরের বিরোধিতা করে যৌথ বিবৃতি দিয়েছে।
সফরের উদ্দেশ্য ও কর্মসূচি
২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছান শফিকুর রহমান। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন সংবর্ধনা ও আলোচনা সভায় অংশ নেওয়াই ছিল তাঁর সফরের মূল কর্মসূচি। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের কয়েকজন নেতা, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং চিকিৎসক প্রতিনিধি।
২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন তিনি। একই দিন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকসটাউন ক্যাম্পাসে শিশু-কিশোর উৎসব এবং প্রবাসীদের রাষ্ট্র সংস্কারে ভূমিকা নিয়ে আয়োজিত আলোচনায় যোগ দেন। পরদিন ২২ নভেম্বর ক্যাম্পবেলটাউন ক্যাম্পাসে ‘জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়: অস্ট্রেলিয়ার কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন। চার দিনের সফরে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এসব কর্মসূচিতে অংশ নেন জামায়াত আমির। তাঁর সফরের আয়োজনগুলোতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এর মধ্যেই সফরের বিরোধিতা করে ভিসা বাতিলের দাবি সামনে আসে।
ভিসা বাতিলের উদ্যোগে আওয়ামী রেমন্ড সালোমন
শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আপত্তি জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে তাঁর ভিসা বাতিলের আবেদন করেন বাংলাদেশি বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা ও অভিবাসন পরামর্শক রেমন্ড সালোমন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ানকে দেওয়া বক্তব্যে সালোমন বলেন, “জামায়াত আমিরের অতীত বক্তব্য অস্ট্রেলিয়ার ভিসা নীতির সঙ্গে সাংঘর্ষিক।” স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকার মধ্যে লাকেম্বা ও ব্যাংকসটাউন থাকার বিষয়টি উল্লেখ করে তিনি মন্ত্রীর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন।
সালোমনের এই উদ্যোগের পেছনে রয়েছে আওয়ামী সংশ্লিষ্টতা। তিনি ২০২০ সালে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিয়ে নির্মিত ‘বাবা’ চলচ্চিত্রের পরিচালক। তবে নিজের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্নের জবাবে তিনি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে জামায়াতের ভূমিকার কারণেই তিনি দলটির নেতার অস্ট্রেলিয়া সফরের বিরোধিতা করছেন। সালোমন এর আগেও বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রশ্ন তুলেছিলেন। চলতি বছরের এপ্রিলে আজহারীর ভিসা বাতিলের পর কোয়াড্রান্ট সাময়িকীতে প্রকাশিত এক লেখায় তিনি সেই ঘটনার প্রসঙ্গ টেনে শফিকুর রহমানের ভিসা নিয়েও প্রশ্ন তোলেন। আজহারীর বিরুদ্ধে অতীতে অ্যাডলফ হিটলারের প্রশংসা করার বক্তব্য সামনে আসার পর অস্ট্রেলিয়া সরকার তাঁর ভিসা বাতিল করে।
ইহুদি ও হিন্দুত্ববাদী সংগঠনের যৌথ বিবৃতি, এক বিবৃতিতে পাঁচ অভিযোগ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিতর্কের কেন্দ্রে রয়েছে অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন (AJA) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের (AHA) একটি যৌথ বিবৃতি। ২৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘Concern Over Australian Visit of Islamist Leader’ শিরোনামের বিবৃতিতে সংগঠন দুটি শফিকুর রহমানের সফর নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকারের কাছে তাঁর ভিসা অনুমোদনের ব্যাখ্যা দাবি করে। বিবৃতিতে হামাস নেতাদের নিয়ে শফিকুর রহমানের বক্তব্য, জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ এবং বিদেশি রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ভিসা নীতির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তোলা হয়।
হামাস নেতাদের নিয়ে শোকবার্তাকে ‘প্রশংসা’ হিসেবে উপস্থাপন
যৌথ বিবৃতিতে প্রথমেই শফিকুর রহমানের দুটি বক্তব্যকে সামনে আনা হয়েছে। সংগঠন দুটির অভিযোগ, তিনি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে তাঁর মৃত্যুর পর ‘বীর’ ও ‘শহীদ’ হিসেবে প্রশংসা করেছেন। একইভাবে হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়াহর মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেছেন। বিবৃতিতে সিনওয়ারের মৃত্যুর প্রসঙ্গে তাঁকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে সংশ্লিষ্ট নেতা হিসেবে বিবেচনা করার বিষয়টিও সামনে আনা হয়েছে। ফলে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে শফিকুর রহমানের বক্তব্য ও হামাস নেতাদের মৃত্যুতে তাঁর শোক প্রকাশকে অস্ট্রেলিয়ার নিরাপত্তা ও মূল্যবোধের প্রশ্নের সঙ্গে যুক্ত করেছে সংগঠন দুটি।
জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা ও সাবেক নেতাদের বিচার
বিবৃতির দ্বিতীয় অভিযোগ জামায়াতের রাজনৈতিক ইতিহাস নিয়ে। এতে দলটির ১৯৭১ সালের ভূমিকার সমালোচনা করে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার ইতিহাস রয়েছে জামায়াতের। দলটির সাবেক কয়েকজন শীর্ষ নেতা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ
যৌথ বিবৃতির সবচেয়ে কঠোর ভাষার অংশটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে। AHA সভাপতি আমেন্দ্র সিং বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হত্যা, নৃশংসতা, অগ্নিসংযোগ, অপহরণ, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাকে ‘চলমান নিপীড়ন’ হিসেবে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, বাংলাদেশে এসব ঘটনার পেছনে উগ্র ইসলামপন্থীদের ভূমিকা নথিভুক্ত রয়েছে। যারা এসব নির্যাতনকে সমর্থন করে অথবা নীরব দর্শকের ভূমিকা পালন করে, তাদের অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো দেশটির সামাজিক সম্প্রীতি ও সংহতির জন্য ক্ষতিকর।
এই বক্তব্যের মাধ্যমে AHA বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগকে সরাসরি শফিকুর রহমানের সফরের সঙ্গে যুক্ত করেছে। সংগঠনটির বক্তব্যের মূল যুক্তি হলো, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সঙ্গে সংশ্লিষ্ট বলে তারা যাদের মনে করে, তাদের অস্ট্রেলিয়ায় রাজনৈতিক বা সামাজিক গ্রহণযোগ্যতা দেওয়া উচিত নয়।
তবে বিবৃতিতে বাংলাদেশের কোন সময়ের, কোন এলাকার বা কোন নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে শফিকুর রহমানকে এসব নির্যাতনের সমর্থক কিংবা নীরব সমর্থক হিসেবে বিবেচনা করা হচ্ছে, তার বিস্তারিত উল্লেখ করা হয়নি।
অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের উপস্থিতি নিয়েও প্রশ্ন
বিবৃতিতে ২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের (ANIC) আয়োজনে শফিকুর রহমানের অংশ নেওয়া মধ্যাহ্নভোজের প্রসঙ্গও আনা হয়েছে। সংগঠন দুটি বলেছে, ওই আয়োজনে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে তারা জানতে পেরেছে। এ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়া সরকারের কাছে দুটি প্রশ্ন রেখেছে। প্রথমত, শফিকুর রহমানকে কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে? দ্বিতীয়ত, তাঁর সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের কোনো প্রতিনিধি বৈঠক করেছেন কি না?
ইসরায়েলি রাজনীতিকদের সঙ্গে তুলনা করে দ্বৈত নীতির অভিযোগ
AJA সভাপতি রবার্ট গ্রেগরি অস্ট্রেলিয়া সরকারের ভিসা নীতির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি সাবেক ইসরায়েলি মন্ত্রী আয়েলেত শাকেদ এবং ইসরায়েলি সংসদ সদস্য সিমখা রথম্যানের প্রসঙ্গ উল্লেখ করেন। গ্রেগরির দাবি, অস্ট্রেলিয়া সরকার আগে এই দুই ইসরায়েলি রাজনীতিকের প্রবেশে বাধা দিয়েছে অথবা তাঁদের ভিসা বাতিল করেছে। অথচ হামাস নেতাদের প্রকাশ্যে প্রশংসা করেছেন এমন একজন রাজনৈতিক নেতাকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি প্রশ্ন করেন, ইসরায়েলি রাজনীতিকদের অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হলে হামাস নেতাদের প্রশংসাকারী একজন রাজনৈতিক নেতাকে কীভাবে স্বাগত জানানো হলো?
যৌথ বিবৃতির সব অভিযোগের শেষে সংগঠন দুটি অস্ট্রেলিয়া সরকারের কাছে শফিকুর রহমানের ভিসা অনুমোদনের কারণ জানতে চেয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে সরকারের কোনো প্রতিনিধি বৈঠক করেছেন কি না, সেটিও স্পষ্ট করার দাবি জানিয়েছে। এর পরপরই বাংলাদেশি বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা রেমন্ড সালোমনের ভিসা বাতিলের আবেদন এবং দ্য অস্ট্রেলিয়ান-এর প্রতিবেদন প্রকাশের ঘটনা বিতর্ককে আরও বিস্তৃত করে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে যেভাবে উপস্থাপন করা হয়েছে
শফিকুর রহমানের সফর নিয়ে ২৩ নভেম্বর দ্য অস্ট্রেলিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করে। শিরোনাম ছিল, ‘Bangladesh’s Shafiqur Rahman got Australian visa despite praising Hamas terrorists’। প্রতিবেদনে তাঁকে ‘hardline Bangladeshi Muslim leader’ এবং জামায়াতকে ‘radical Islamist party’ হিসেবে উল্লেখ করা হয়। হামাস নেতাদের নিয়ে তাঁর শোকবার্তার পাশাপাশি নারীর কর্মজীবন নিয়ে বিতর্কিত এক্স পোস্ট, জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা এবং বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি একই প্রতিবেদনে তুলে ধরা হয়।
প্রতিবেদনটিতে সালোমনের ভিসা বাতিলের দাবি, ইহুদি ও হিন্দু সংগঠনগুলোর বক্তব্য এবং অস্ট্রেলিয়া সরকারের কাছে তাদের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়া টুডে ২৪ নভেম্বর একই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে AJA ও AHA-এর বক্তব্য এবং অস্ট্রেলিয়া সরকারের কাছে তাদের প্রশ্ন তুলে ধরা হয়। টাইমস অব ইসরায়েলও সংগঠন দুটির বিবৃতি ও শফিকুর রহমানের সফর নিয়ে আপত্তির খবর প্রকাশ করে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর ব্যক্তিগত ভিসার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে দপ্তরের পক্ষ থেকে বলা হয়, অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্য আবেদনকারী বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য স্বাস্থ্য, চরিত্র ও নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণ করতে হয়। শফিকুর রহমানের ভিসা বাতিলের দাবির পরও অস্ট্রেলিয়া সরকার তাঁর সফর বন্ধ করেনি।
উল্লেখ্য , জামায়াত ২৫ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে দ্য অস্ট্রেলিয়ান-এর প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে উল্লেখ করে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, শফিকুর রহমানের বক্তব্য না নিয়েই তাঁকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং তাঁর ফিলিস্তিনপন্থী অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শফিকুর রহমানের পক্ষে পত্রিকাটির প্রকাশককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন প্রত্যাহার, সংশোধনী প্রকাশ, শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি। অন্যথায় পত্রিকাটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
হামাস নেতাদের নিয়ে শফিকুর রহমানের বক্তব্য
শফিকুর রহমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচারিত অভিযোগগুলোর একটি হলো, তিনি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াহকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন। এ ক্ষেত্রে তাঁর বক্তব্যের মূল উৎস জামায়াতের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত দুটি শোকবার্তা।
২০২৪ সালের ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর শফিকুর রহমান শোকবার্তা দেন। সেখানে হানিয়াহকে ফিলিস্তিনের একজন জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। হানিয়াহর পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনাও স্মরণ করেন তিনি। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। একই বছরের ১৯ অক্টোবর ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর দেওয়া শোকবার্তায় শফিকুর রহমান লেখেন, সিনওয়ার ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বীরের মতো লড়াই করতে করতে জীবন দিয়েছেন। তিনি আরও লেখেন, বিশ্বের স্বাধীনতাকামী সংগঠন ও মুসলিম উম্মাহ তাঁর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকবার্তার শেষাংশে তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন জামায়াত আমির।
নারী নিয়ে আলোচিত পোস্টটি একাউন্ট হ্যাকের কারণে
শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি কর্মজীবী নারীদের নিয়ে একটি বিতর্কিত পোস্ট প্রকাশিত হয়। পোস্টটি প্রকাশের পর দেশজুড়ে সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে পোস্টটি দেওয়া হয়েছে। দলটির অভিযোগ, বঙ্গভবনের একজন সহকারী প্রোগ্রামারের ইমেইল থেকে পাঠানো ক্ষতিকর ফাইলের মাধ্যমে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের একাধিক ডিভাইস ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করা হয়েছিল।
এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশ করে দ্য ডিসেন্ট। ‘জামায়াত অফিসের ডিভাইস হ্যাকিং চেষ্টার যেসব প্রমাণ পেয়েছে দ্য ডিসেন্ট’ শিরোনামের প্রতিবেদনে ডিসেন্ট দেখায়, ৫ ও ১০ জানুয়ারি বঙ্গভবনের একজন সহকারী প্রোগ্রামারের ইমেইল ঠিকানা থেকে জামায়াতের কয়েকটি দাপ্তরিক ইমেইলে বার্তা পাঠানো হয়েছিল। ওই বার্তার সঙ্গে যুক্ত ফাইল পরীক্ষা করে তাতে ট্রোজান ব্যাকডোর ধরনের ম্যালওয়্যারের উপস্থিতি পাওয়া যায়। ফাইলটি খোলার পর জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনায় ব্যবহৃত ডিভাইস ও অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের চেষ্টা হয়েছিল। প্রতিবেদনে ১২ জানুয়ারি জামায়াত নেতা দেলোয়ার হোসেনের ফেসবুক পেজের একজন অ্যাডমিনের ব্যক্তিগত অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া এবং তাঁর অজান্তে পেজের অ্যাডমিন তালিকায় অপরিচিত একজনকে যুক্ত করার তথ্যও তুলে ধরা হয়। একই অ্যাডমিনের টেলিগ্রাম অ্যাকাউন্টে সন্দেহজনক লগইন এবং ৩১ জানুয়ারি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে জামায়াত আমিরের বিতর্কিত পোস্টের স্ক্রিনশট প্রকাশের ঘটনাও অনুসন্ধানে উঠে আসে।
দ্য ডিসেন্ট পাঁচজন দেশি ও বিদেশি আইটি ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের মতামত নেয়। তাদের মধ্যে অন্তত তিনজন নিশ্চিত করেন, ওই ম্যালওয়্যারের মাধ্যমে আক্রান্ত ডিভাইস দূর থেকে নিয়ন্ত্রণ করা এবং সেখানে লগইন থাকা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাডমিনের অজান্তে কার্যক্রম চালানো সম্ভব। এ ধরনের ঘটনায় মূল অ্যাকাউন্টে লগইন নোটিফিকেশন, ইমেইল সতর্কতা বা ওটিপি না-ও আসতে পারে।
প্রতিবেদনে বলা হয়, শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের ৩১ জানুয়ারির নির্দিষ্ট পোস্টটি হ্যাকিংয়ের মাধ্যমে করা হয়েছিল কি না, সে বিষয়ে আলাদা করে চূড়ান্ত প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের ডিভাইস ও অ্যাকাউন্টে হ্যাকিং চেষ্টার প্রমাণ, ম্যালওয়্যারযুক্ত ইমেইল এবং বিশেষজ্ঞদের কারিগরি বিশ্লেষণ দলটির হ্যাকিংয়ের অভিযোগের পক্ষে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে।
সালোমনের প্রচারণা ও জামায়াতের বক্তব্য
শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে সালোমনের ভিসা বাতিলের আবেদন এবং AJA ও AHA-এর যৌথ বিবৃতির পর জামায়াতের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ২৫ নভেম্বর এক বিবৃতিতে অভিযোগ করেন, অস্ট্রেলিয়ায় অবস্থানরত আওয়ামী লীগের একটি অংশের পরোক্ষ প্রভাবেই সংগঠন দুটি জামায়াত আমিরের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে। পরওয়ারের অভিযোগ, সংগঠন দুটি শফিকুর রহমানের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। তাঁর সফরের কর্মসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি দেওয়ার অভিযোগও করেন তিনি। জামায়াতের দাবি, এসব প্রচারণার পরও অস্ট্রেলিয়া সরকার সেগুলোকে গুরুত্ব দেয়নি এবং শফিকুর রহমান তাঁর নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করেছেন।
জামায়াতের বক্তব্য অনুযায়ী, দলটির আমিরের সফর ছিল প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় এবং দেশের উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করার একটি কর্মসূচি। কিন্তু সফরকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধিতার পাশাপাশি হামাস, ১৯৭১ এবং বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতিকে সামনে এনে ভিসা বাতিলের দাবি তোলা হয়েছে। দলটি এসব উদ্যোগকে তাদের রাজনৈতিক অবস্থান ও আন্তর্জাতিক যোগাযোগ বাধাগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে দেখছে।
সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরা
শফিকুর রহমানের অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া মিলিয়ে ছয় দিনের সফরসূচি ছিল। ২০ নভেম্বর অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর ২৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপর মালয়েশিয়ায় এক দিনের কর্মসূচিতে যোগ দিয়ে ২৬ নভেম্বর দেশে ফেরার কথা ছিল। তবে মালয়েশিয়া সফর বাতিল করে ২৪ নভেম্বর সিডনি থেকে দেশের উদ্দেশে রওনা হন তিনি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান আহসানুল মাহবুব জুবায়ের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়টি সফর সংক্ষিপ্ত করার অন্যতম কারণ ছিল। ফলে অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের দাবি ও বিতর্কের মধ্যে সফর শেষ হলেও দেশে ফেরার বিষয়ে জামায়াতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য বৈঠকের কারণ জানানো হয়েছে।
২৫ নভেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সফরকে ঘিরে বিরোধিতার মধ্যেও শফিকুর রহমান নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করেছেন। তাঁর ভাষ্য, অস্ট্রেলিয়ায় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট একটি অংশের প্রচারণা সফরের কর্মসূচি ব্যাহত করতে পারেনি।
আগেও ইসলামপন্থীদের অস্ট্রেলিয়া সফরে বাধা দেওয়ার অভিযোগ আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে
বাংলাদেশি ইসলামপন্থীদের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিরোধিতা এবং ভিসা বাতিলের দাবি তোলার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়া সফর নিয়েও একই ধরনের তৎপরতা দেখা গেছে। দ্য ডিসেন্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, তাঁদের ভিসা বাতিলের উদ্যোগের পেছনে অস্ট্রেলিয়ায় সক্রিয় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট একটি প্রবাসী নেটওয়ার্কের ভূমিকা ছিল। নেটওয়ার্কটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা দুই বক্তার পুরোনো বক্তব্য তুলে ধরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ভিসা বাতিলের আবেদন জানিয়েছিলেন। অনুসন্ধানে সংগঠনটির শীর্ষ পর্যায়ের কয়েকজন ব্যক্তির সাবেক ছাত্রলীগ, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া ও বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার তথ্যও তুলে ধরা হয়েছে। আজহারী ও আহমাদুল্লাহর ভিসা বাতিলের ঘটনাগুলোকে সামনে রেখে ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে আওয়ামী সংশ্লিষ্ট রেমন্ড সালোমনের বিরোধিতার ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে।