জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পর থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন দলটির নেতারা। চব্বিশের ৫ আগস্টের পর থেকেই অবশ্য অভ্যত্থানপন্থীরা আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি দেশজুড়ে কয়েকজন এনসিপির নেতার ওপর হামলা, বাড়িতে আগুনের মতো ঘটনা ঘটেছে। বিদেশের মাটিওতেও আক্রান্ত হয়েছেন অনেকে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামও সম্প্রতি যুক্তরাজ্যে ২ দফায় আক্রান্ত হয়েছেন। এসবের পেছনে সরকারের আইন প্রয়োগে শিথিলতা দেখলেও এনসিপি বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চায় বলেই জানিয়েছেন দলের নীতিনির্ধারকেরা।
যুক্তরাজ্য সফর শেষে গত রোববার (২২ নভেম্বর) দেশের ফেরেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি বলেন—এনসিপি আওয়ামী লীগের টার্গেটে পরিণত হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দেশে ফেরা’র ঘোষণার পর দেশে দুটি কর্মসূচি পালন করেছে দলটি। এসব কর্মসূচিতে বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও, এনসিপি নেতা-কর্মী ও জুলাইযোদ্ধাদের ওপর হামলা এবং বাসাবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
১ বছরে অন্তত ২৫ হামলার অভিযোগ
অভ্যুত্থানের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গঠন করা হয় এনসিপি। তবে ২৪-এর ৫ আগস্টের পর থেকেই টার্গেটে পরিণত হয় অভ্যুত্থানপন্থীরা। ফলে এনসিপি নেতাকর্মীদের বাইরেও জুলাইযোদ্ধাদের ওপর হামলা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ।
বিশেষজ্ঞরা বলছেন, দেশ থেকে আওয়ামী লীগ হটানোর পেছনে বড় ভূমিকা থাকায় এনসিপির নেতারা স্বাভাবিকভাবেই টার্গেট হবে।
এনসিপির দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত স্ট্রিমকে জানিয়েছেন, দল গঠনের পর থেকে হামলার সঠিক হিসাব তারা রাখেননি। তবে স্ট্রিম বিশ্লেষণ করে দেখেছে, গত ১ বছরে কেন্দ্রীয় নেতাসহ এনসিপির অন্তত ২৫ জন আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন। অনেকের বাসা-বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা মোটেও ভীত নই। আমরা প্রতিরোধ অব্যাহত রেখেছি। সারা দেশে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। বাংলাদেশের আপামর জনতাকে সঙ্গে নিয়ে লীগের এই সন্ত্রাস এবং জঙ্গিপনার বিরুদ্ধে শক্ত অবস্থান বজায় রাখব।–আখতার হোসেন
সবশেষ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবীবিষয়ক সহসম্পাদক ফাহিম রহমান খান পাঠানের নেত্রকোনার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ফাহিম।
গত ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়।
১০ নভেম্বর মৌলভীবাজারে হামলার শিকার হন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলাম।
এ ছাড়াও আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, আবদুল হান্নান মাসুদ, তারেকুল ইসলাম তারেক রেজা ও মঈন উদ্দিন মাহিনসহ অনেকেই হামলার মুখে পড়েছেন।
সেইসঙ্গে এনসিপির গাড়িবহরে হামলা এবং সংসদ সদস্য মাহমুদা মিতুসহ নারী নেত্রীদের হত্যা ও ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে।
লীগ পুনর্বাসন সম্পূর্ণ বন্ধ করতে হবে। এটি করা আগুন নিয়ে খেলার মতো। সরকার হয়তো এটা বুঝতে পারছে না। যদি স্পেস দেয়, তাহলে আওয়ামী লীগ তাদের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়াবে।–সারোয়ার তুষার
‘সতর্ক কিন্তু বিচলিত নই’
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন স্ট্রিমকে বলেন, ‘গণঅভ্যুত্থানে যে তরুণরা সামনের কাতারে ছিল, তাদের ওপর হামলা হচ্ছে। তবে আমরা এসব বিষয় রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।’
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার স্ট্রিমকে বলেন, ‘আওয়ামী লীগের প্রথম টার্গেট এনসিপি, এটা বলার অপেক্ষা রাখে না। এ ব্যাপারে আমরা সতর্ক কিন্তু বিচলিত নই। জুলাইয়ে যারা অংশ নিয়েছে, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। বাকিটা আমরা রাজনৈতিকভাবে ডিল করব।’
এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন স্ট্রিমকে বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা মোটেও ভীত নই। আমরা প্রতিরোধ অব্যাহত রেখেছি। সারা দেশে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। বাংলাদেশের আপামর জনতাকে সঙ্গে নিয়ে লীগের এই সন্ত্রাস এবং জঙ্গিপনার বিরুদ্ধে শক্ত অবস্থান বজায় রাখব।’
সরকারের পদক্ষেপে খুশি নয় এনসিপি
এনসিপি নেতা-কর্মী ও জুলাই যোদ্ধাদের ওপর হামলার কারণ হিসেবে তাঁরা জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিয়ে বিএনপি সরকারের উদাসীনতাকে দায়ী করেছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যাপারে সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি অভিযোগ করে সারোয়ার তুষার বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে আমরা সরকারের পুনর্বাসনমূলক ব্যবস্থা লক্ষ করেছি। এনসিপি নেতাদের ওপর হামলার পেছনে সরকারের ব্যর্থতা এবং ইন্ধন আছে।’
তুষার আরও বলেন, ‘লীগ পুনর্বাসন সম্পূর্ণ বন্ধ করতে হবে। এটি করা আগুন নিয়ে খেলার মতো। সরকার হয়তো এটা বুঝতে পারছে না। যদি স্পেস দেয়, তাহলে আওয়ামী লীগ তাদের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়াবে।’
এনসিপি রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু স্ট্রিমকে বলেন, ‘নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকারের দায়িত্বহীনতার কারণেই লীগ আরও বেপরোয়া হয়ে উঠছে।’
বিএনপি সরকার গঠন করার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে এনসিপির পক্ষ থেকে বারবার সরকারকে সতর্ক করা হয়েছে জানিয়ে আখতার হোসেন বলেন, ‘সরকার যদি তার আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে সঠিকভাবে অ্যাক্টিভেট রাখতে পারত, সে ক্ষেত্রে আওয়ামী লীগ এই সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ পেত না।’
এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনও মনে করেন, আওয়ামী লীগের নাশকতাকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। স্ট্রিমকে তিনি বলেন, ‘এই সরকার গুম, খুন, ক্রসফায়ার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিশ্বাস করে না। এ ব্যাপারে সরকার জনগণকে কথা দিয়েছে। আওয়ামী লীগ যে জ্বালাও-পোড়াও, নাশকতা করছে, বিশেষ করে গোপালগঞ্জে। এতে বিএনপির নেতা-কর্মীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা রাজনৈতিক ভাবে রাজপথেই মোকাবিলা করা হবে।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদ ফিরে এলে বিএনপি বা এনসিপি একা ক্ষতিগ্রস্ত হবে, তা নয়। সবাই ফ্যাসিবাদ দ্বারা আক্রান্ত হয়েছে। ফলে বিএনপি যেভাবে জোরালোভারে মাঠে নেমেছে, বাকি সব দলেরও উচিত মাঠে নেমে আসা।’
জাতীয় ঐক্য নিয়ে প্রশ্ন
এদিকে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও নাশকতা ঠেকাতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো এক মঞ্চে এসে দাঁড়াতে হবে।’
জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেছে এনসিপি। জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গেও সংলাপের আলোচনা চলছে। চলামান আলোচনাকেও ইতিবাচক হিসেবেই গ্রহণ করেছে এনসিপি। তবে এই ঐক্য কীভাবে হবে, সংস্কার ছাড়া শুধু লীগ ঠেকানোর ঐক্য ‘লোক দেখানো’ কি না—তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সংলাপ প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব স্ট্রিমকে বলেন, ‘এটাকে প্রাথমিকভাবে ইতিবাচক হিসেবে দেখি। তবে বাস্তবে রূপ দিতে হলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। লীগের নাশকতা রোধ করতে হলে বিএনপিকেও তার কাঠামোগত পরিবর্তন করতে হবে।’
তবে আরেক নেতা সারোয়ার তুষার জাতীয় ঐক্যের ডাককে অনেকটাই লোক দেখানো মনে করেন। তিনি স্ট্রিমকে বলেন, ‘বিএনপি এখনো তাদের পূর্বের অবস্থানে রয়েছে। আমরা যেসব কথা বলেছি, সেটা তারা গ্রহণ করেনি। তাই আমার কাছে সরকারকে আন্তরিক মনে হয়নি। সবাই সরকারের পক্ষে আছে, সবাই সরকারকে সহযোগিতা করছে—এটা দেখানোর জন্যই তারা বৈঠকটা করেছে।’
‘যত দিন লীগ সমস্যা, তত দিন ঐক্য’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন মনে করেন, জাতীয় ঐক্য তত দিন থাকবে, যত দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সমস্যা হিসেবে থাকবে।
তিনি আরও বলেন, ‘কিন্তু আলোচনাধীন জাতীয় ঐক্যটা জাতীয় কোনো স্বার্থ বা আদর্শগত না। এটা বিএনপির রাজনৈতিক অবস্থানটাকে নিরাপদ করার জন্য। ফলে এই ঐক্যটা তত দিন পর্যন্ত ঠিক থাকবে, যত দিন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটা সমস্যা হিসেবে থাকবে। ফলে এই ঐক্যের মাধ্যমে এনসিপি নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে, তা বলা মুশকিল।’