Image description
প্রধানমন্ত্রীর সঙ্গে একক বৈঠকে অংশগ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর তাতেই ১১ দলীয় জোটের ভেতরে দেখা দিয়েছে মতবিরোধ। সংলাপে বসার সুযোগকে জোটগতভাবে কাজে লাগাতে চেয়েছিল জামায়াতে ইসলামী। 
 
 
বিষয়টি নিয়ে গত রোববার গভীর রাত পর্যন্ত বৈঠক করেন ১১ দলের নেতারা। তবে, পরদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এককভাবে অংশ নেয় এনসিপি। একে ইতিবাচকভাবে নেয়নি জামায়াত। নেতারা বলছেন, জাতীয় ঐক্যের প্রশ্নে আলাদা আলোচনার চেয়ে সম্মিলিত সংলাপই বেশি কার্যকর।
 
এনসিপির প্রধানমন্ত্রীর সঙ্গে একক বৈঠকে অংশগ্রহণের বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কোনো দল স্বাধীনভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেতে চাইলে সেখানে বাধা দেয়ার কিছু নেই। গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেক দলেরই কিছু স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতা থেকেই তারা বৈঠকে যাচ্ছেন এবং এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে জোটের সিদ্ধান্ত হলো, আমন্ত্রণ জানানো হলে আমরা জোটের মধ্যে আলোচনা করে জোটবদ্ধভাবে বৈঠকে যাব।’
 
এনসিপি বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া অমূলক, অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত। তাদের মতে, রাজনৈতিক যোগাযোগ ও আলোচনাকে নেতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নেই। 
 
 
তবে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারওয়ার তুষার বলেন, ‘একটি জোটে থাকলে কিছু বিষয়ে মতপার্থক্য তৈরি হতে পারে। এটি অস্বাভাবিক কিছু নয়। তবে এই বিষয়কে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশের কোনো কারণ আমি দেখছি না। এ ধরনের ক্ষোভ সম্পূর্ণ অমূলক এবং আমার মতে, অনাকাঙ্ক্ষিতও। বৈঠকে অংশ নেয়ার ক্ষেত্রে প্রত্যেক দলের স্বাধীনতা থাকা উচিত। এটি তাদের দলীয় বিষয়। এইটুকু স্বাধীনতা যদি আমার না থাকে, তাহলে আমার দলের স্বতন্ত্র অস্তিত্বই তো প্রশ্নের মুখে পড়ে।’
 
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি একা বসলেও, জোটগতভাবেই বৈঠক করতে চায় জামায়াত। তবে, দল দুটির দৃষ্টিভঙ্গিগত এই পার্থক্যের কারণে জোটের রাজনৈতিক সমন্বয় কতটা কার্যকর আছে, সেই প্রশ্নও সামনে এসেছে।
 
এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন, ‘সংলাপ হতে পারে। সংলাপের উদ্যোগ যখন নেয়া হবে, তখন তারা বিষয়টি জানাবেন। উদ্যোগ নেয়ার পর কোন প্রক্রিয়ায় সংলাপ হবে, কী এজেন্ডা থাকবে, কারা অংশ নেবেন এবং কীভাবে সংলাপ অনুষ্ঠিত হবে, এসব বিষয় তারা আমাদের জানাবেন অথবা আমন্ত্রণ জানাবেন। তখন আমরা আবার বসব। দলীয়ভাবেও আলোচনা হবে। আমাদের ১১ দলীয় জোটের সদস্যরাও বসবেন। নেতৃবৃন্দ সবাই মিলে কোন প্রক্রিয়ায় এই সংলাপে অংশগ্রহণ করা হবে, তা তখন ঠিক করবেন।’
 
 
অন্যদিকে সারওয়ার তুষার আরও বলেন, ‘জোট একটি দীর্ঘমেয়াদি যাত্রার বিষয়। এখানে সব বিষয়ে সবাই একমত হবেন, এমনটা নয়। কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি কিংবা সাময়িক টানাপোড়েন তৈরি হতে পারে। তবে আলোচনা করে সেসব বিষয় আবার ঠিক করে নেওয়া হবে। কারণ, জোটের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং দলীয় ও জোটগত ফোরামও আছে। তাই আমি আহ্বান জানাব, বিষয়টিকে জোটের পক্ষ থেকে সেভাবেই দেখা হোক।’
 
তবে, বৈঠক ইস্যুতে ভিন্নমত থাকলেও গণভোটসহ জুলাই সনদ বাস্তবায়নে একই সুরে কথা বলছে জামায়াত-এনসিপি।