Image description
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে।
 
 
মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ ও দলীয় নেতাকর্মীরা জানান, দুই-তিনজন অজ্ঞাত যুবক বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আগুন দেয়। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে যায়। খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ।
সর্বশেষ খবর
 
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। গত রাতে নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
 
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’