Image description
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য শক্তিশালী হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরা কঠিন হবে। তবে, আওয়ামী লীগের সহিংসতা বন্ধে, রাজনৈতিক ঐক্যের পাশাপাশি কঠোর পদক্ষেপ নিতে হবে সরকারকেই।
 
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও জুলাই হত্যাকাণ্ড ও নৃশংসতায় জড়িত সংগঠনটির হাজার হাজার নেতাকর্মীর এখনও বিচার হয়নি। এই সুযোগেই নাশকতা করছে অভিযুক্তরা। এমন মত রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদের।
 
তিনি বলেন, এই মুহূর্তে ঐক্যটা দরকার হলো শেখ হাসিনা ইস্যুতে আমি মনে করি। এখানে জটিলতা আছে তো, শুধু শেখ হাসিনা ব্যক্তি ইস্যুটা বড় না, এখানে বহু ধরনের ইকুয়েশন, বহু ধরনের এক্সটার্নাল ফোর্স যদি কাজ করতে থাকে একটা ইস্যুকে কেন্দ্র করে, এটা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।
 
আরেক রাজনৈতিক বিশ্লেষক আসিফ সাহানের মতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগীদের নৈরাজ্য ঠেকাতে সরকারকে আরও উদ্যোগী হতে হবে। নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর ঐক্য হলেই এই সহিংসতা বন্ধ হয়ে যাবে না; এমন ভাবনা সঠিক নয়।
 
 
তিনি বলেন, পসিবল ওয়ে হতে পারে বৈঠকের মাধ্যমে সরকার ও বিরোধীদলগুলো একটা বার্তা দিতে পারে যে আমাদের মধ্যে পার্থক্য থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে আমরা এখনও পর্যন্ত একটা জায়গায় আছি।
 
একই কথা বলছে, বামপন্থী রাজনৈতিক সংগঠন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনও। সংগঠনটির সংগঠক অনিক রায় বলেন, সহিংসতা রোখার জন্য, রাজনৈতিক ঐক্যটা, যে ভাষাটা ব্যবহার হচ্ছে, সেই ভাষায় কাজ হবে না। সরকারকে প্রথমে যেটা করতে হবে, যেহেতু সরকার বিরোধীদলগুলোর সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভালো। তার মানে হচ্ছে, কোনো না কোনো রিয়্যালিটি আছে। যে রিয়্যালিটিটা হয়ত সরকার এক্সপ্রেস করতে চাচ্ছে না।
 
তবে, ঐক্যের জন্য এনসিপি ও জামায়াতের শর্ত দেয়ার সমালোচনা করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না।
 
তিনি বলেন, দেশের সংকটটাকে যদি আমি গুরুত্ব দেই, তাহলে এটাকে সরকারের, বিরোধীদলের বড় পয়েন্ট করার কথা ছিল না। সবাই মিলে যদি কলটা দেয় যে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে, সেটার একটা বড় ইমপ্যাক্ট আছে। এটা হওয়াটা ভালো ছিল, কিন্তু শর্তজুড়ে দেয়ার কারণে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
বিরোধীদের সঙ্গে সরকার কী কী বিষয়ে ঐক্য করতে চায়, তা জনগণের কাছে স্পষ্ট করা প্রয়োজন বলেও মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি।