Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বৈঠক করেছেন এনসিপির প্রতিনিধি দল। ওই বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর বৈঠকে আসলে শর্ত বলতে কিছু ছিল না। মতবিনিময়ের ক্ষেত্রে এনসিপির প্রতিনিধি দল উনাদের বিষয়গুলো তুলে ধরেছিল এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টা‌ ২০ মিনিটে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, বিএনপি সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে।

তিনি বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সেটা সুস্পষ্ট বলেছেন, বিএনপি সরকার নোট অব ডিসেন্টের মতো করে যেভাবে নির্বাচনি ম্যানুফেস্টোতে ও নির্বাচনি পথসভায় বলেছে, তা শতভাগ বাস্তবায়ন করবে।  

তিনি বলেন, আমরা দেখেছি সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড পরিমাণ অর্ডিন্যান্স আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সেটা আমরা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শতভাগ বাস্তবায়ন করবো।

সাংবাদিকদের এক প্রশ্ন তিনি বলেন, এখানে ঐক্য নতুনভাবে হওয়ার কিছু নেই। জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি সে সময় একটা ঐক্য ফুটে উঠেছিল। সব শ্রেণি-পেশার মানুষ তখন ফ্যাসিবাদী শক্তিকে প্রথিত করার জন্য এক হয়েছিল, সেটা এখনও আছে। এই বাংলাদেশের সব জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক। সেখানে ইতিমধ্যেই ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে।