Image description

বৈষম্য, দুর্নীতি ও অবিচারমুক্ত বাংলাদেশ গড়তে মেধাবী ও আদর্শবান তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

তিনি বলেছেন, আদর্শ, দক্ষতা ও নৈতিক নেতৃত্বের সমন্বয়ে তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত হতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) বরিশাল মহানগরীর ফ্লেভোরিয়া অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি উইং বরিশাল জোন আয়োজিত ‘ইয়ুথ অব টুমরো: ক্যারিয়ার অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট সামিট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘একটি রাষ্ট্রের টেকসই অগ্রগতি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে না; বরং ন্যায়বিচার, সুশাসন, মানবিক মূল্যবোধ ও নৈতিক নেতৃত্বই রাষ্ট্রের ভিত্তিকে শক্তিশালী করে। তাই তরুণদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতাকে রাষ্ট্রীয় উন্নয়ন ও জনকল্যাণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বৈষম্য, দুর্নীতি ও অবিচারমুক্ত একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মেধাবী ও আদর্শবান তরুণদের নেতৃত্বে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। শিক্ষার্থীদের প্রচলিত ছাত্ররাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে বুদ্ধিবৃত্তিক চর্চা, রাষ্ট্রচিন্তা ও জনকল্যাণমুখী নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত হওয়ার এখনই উপযুক্ত সময়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক নূরে আলম সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রাইভেট ইউনিভার্সিটি উইং বরিশাল জোনের সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম মল্লিক।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

কালবেলা