কোনো ভদ্র ঘরের ছেলে আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে দুলু বলেন, ‘বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল।
যারা নৈরাজ্য করে। যারা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে যারা পুড়িয়ে মারে।
তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে?’
তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ নাটোরসহ সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। সন্ত্রাস, অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বিএনপি, তারেক রহমান কিংবা খালেদা জিয়া কখনো করেননি বলেও দাবি করেন তিনি।
দুলু আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন এবং বিরোধীদলের নেতা বলেছেন পার্লামেন্টে গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, মতভেদ থাকতেই পারে সরকার-বিরোধীদের; কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই।
তিনি জানান, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে, একইভাবে আগামী ডিসেম্বর মাসজুড়ে নাটোরের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার পরিকল্পনা রয়েছে তাদের।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের নেতাকর্মীরা।
এর আগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শীর্ষনিউজ