Image description

নাশকতার আগুনে সড়কে জ্বলছে বাস, পেট্রলবোমায় পুড়ছে বাড়ি, লক্ষ্যবস্তু হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, রেললাইন অবরোধের চেষ্টাও হচ্ছে। গত কয়েক দিনের মতো গতকাল বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে একই চিত্র। দুই বছর আগে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা নাশকতার আগুন ছড়িয়ে দিচ্ছেন বলে সরকারের অভিযোগ। এর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা হচ্ছে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় মোতায়েন করা হয়েছে ৯৬ প্লাটুন বিজিবি, পুলিশও রয়েছে সতর্ক।

রাজধানীতেও অব্যাহত রয়েছে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা। বিজয়নগর এলাকায় একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচ ও মিরপুরের পল্লবীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া কয়েক দিনের সহিংসতার ধারাবাহিকতায় গতকালও দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি বহু স্থাপনা, ক্ষমতাসীন ও বিরোধীদলীয় নেতাকর্মীর বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি আওয়ামী লীগ নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানেও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির এক নেতাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

বিএনপিসহ বিভিন্ন দলের নেতাদের বাড়ি-স্থাপনায় অগ্নিসংযোগ

গতকাল গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাসপাতালে আবার আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে তার জেলা শহরের বাসায় অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। একই জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানের বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। মুকসুদপুর উপজেলা বিএনপির অফিসও জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা হয়েছে। চাঁদপুর ও ময়মনসিংহে দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে।

রাজধানীর বিজয়নগরে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাগেরহাটে মিল্কভিটা চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পেট্রলবোমা। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের মিলনায়তনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটেছে।

এদিকে বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজির গাড়ি থামিয়ে তাকে তুলে নেওয়া হয়েছে। তবে তার সঙ্গে থাকা দুজনকে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল সকালে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে জানিয়ে বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম বললেন, নিখোঁজ মনিরুল হক ফরাজীকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ। এ ছাড়া ডাকসু নেতা মোসাদ্দেকের গোপালগঞ্জের বাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

নেত্রকোনার মোহনগঞ্জের জয়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেখানে তার বাবা-মা থাকলেও কেউ হতাহত হননি। আরেক সমন্বয়ক ও জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের বাড়িতেও পেট্রলবোমা নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে।

 

থানা-পুলিশ বক্সে আগুন

দুর্বৃত্তদের আগুনে পুড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর থানা এবং চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং ও আনোয়ারা উপজেলার চাতরি-চৌমুহনি এলাকার দুটি পুলিশ বক্স।

গ্রামীণ ব্যাংকের দুই কার্যালয়ে আগুন

গোপালগঞ্জের মুকসুদপুর, রাজশাহীর বাঘায় গ্রামীণ ব্যাংকের একাধিক কার্যালয়ে ককটেল হামলা ও পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। কোথাও পেট্রলবোমা ছুড়েও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিন্দুরখান শাখা ও রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়া হয়েছে।

৩০ গাড়িতে আগুন

গোপালগঞ্জের মুকসুদপুর থানা এলাকায় দাঁড়িয়ে থাকা ২০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রাম নগরীর বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও ট্রাক, যশোরে ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন এক ট্রাকচালক, রাজশাহী নগরীর বিআরটিসির দুটি বাস ও চারঘাটে রেললাইনে আগুন দেওয়ায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গত বুধবার রাত ২টার পর নগরীর শাহ মখদুম থানার আমচত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়। রংপুরে একটি বাসে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা।

আওয়ামী লীগ নেতাদের বাড়ি-স্থাপনায় আগুন

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম নগরীর চকবাজার থানার দামপাড়া পল্টন রোডে মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুর হয়েছে। চাঁদপুরে আগুনে পুড়েছে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়ি। ব‌রিশালে আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে, মাদারীপুরে ভাঙচুর হয়েছে সাবেক মন্ত্রী শাজাহান খানের ফিলিং স্টেশন। ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বরিশাল নগরীতে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের পারিবারিক বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পাবনার বেড়ায় গতকাল সন্ধ্যায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তার বাড়িতে ভাঙচুরও চালানো হয়।

ড. ইউনূসের বাড়িতে আগুন

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ি ‘নিরিবিলি’ ভবনের নিচতলায় পেট্রলবোমা দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে মহানগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী আগামীর সময়কে বললেন, পরিত্যক্ত কিছু কাগজ পুড়েছে। নিষিদ্ধ দলের লোকজন আতঙ্ক ছড়াতে এটা করেছে বলে ধারণা। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে ঘটানো হয়েছে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ। এর মধ্যে চট্টগ্রাম নগরীর নন্দনকাননে কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনারের অফিসের সামনে, তিনপুলের মাথা, চকবাজারসহ আরও বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। রাজশাহী নগরীর শিরোইল ও কোর্ট এলাকায় ফাটানো হয়েছে কয়েকটি ককটেল। বরগুনার তিনটি উপজেলায় পাঁচটি স্থানে হাতবোমা বিস্ফোরণ, বাস ভাঙচুর, মশাল মিছিল ও সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নাটোরের নলডাঙ্গায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

প্রতিবেদনে তথ্য দিয়েছেন আগামীর সময় প্রতিবেদক ও সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা