Image description

গ্রেস হ্যারিস করলেন অপরাজিত ১২১ রান, তবে তার এই ইনিংসেও জয় পেল না ব্রিসবেন হিট। উল্টো গ্রেসের বড় বোন লরার বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড গড়ে জিতল ব্রিসবেনের প্রতিপক্ষ সিডনি থান্ডার।

 

নারী বিগ ব্যাশে গ্রেস হ্যারিসের সেঞ্চুরি ম্লান করে মাত্র ২০ বলে অপরাজিত ৬৩ রান করেছেন তার বড় বোন লরা হ্যারিস। সেই সঙ্গে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার নতুন বিশ্বরেকর্ড গড়েছে সিডনি।

 

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২২৫ রান তোলে ব্রিসবেন হিট। জবাবে ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ২২৬ রান তুলে ৬ উইকেটের অবিশ্বাস্য জয় পায় সিডনি থান্ডার।

 

বিশাল লক্ষ্য তাড়ায় ১০ ওভার শেষে ২ উইকেটে মাত্র ৮৪ রান ছিল সিডনির। এরপর হিদার নাইট ও আনিকা লিয়ারয়েডের ৮৩ রানের জুটিতে ম্যাচে ফেরার চেষ্টা করে তারা। তবে ১৪ দশমিক ৪ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান নিয়ে তখনো কঠিন পরিস্থিতিতে ছিল সিডনি। জয়ের জন্য শেষ ৩২ বলে প্রয়োজন ৮১ রান।

 

এমন অবস্থায় ছয় নম্বরে ব্যাট করতে নামেন লরা হ্যারিস। ক্রিজে এসে প্রথম দুই বলই খেলেন নিজের ছোট বোন গ্রেসের। দুই বলেই চার মেরে শুরু করেন বড় বোন। এরপর ব্রিসবেনের বোলারদের ওপর রীতিমতো ঝড় তোলেন তিনি।

 

মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করে ভেঙে দেন নারী বিগ ব্যাশে দ্রুততম অর্ধশতকের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল টেস ফ্লিনটফের। ২০২২ সালে মেলবোর্ন স্টার্সের হয়ে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি।

 

শেষ পর্যন্ত ২০ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৬৩ রান করেন লরা। অন্য প্রান্তে ৪৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন লিয়ারয়েড। দুজনের অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে অসম্ভবকে সম্ভব করে সিডনি। ম্যাচসেরার পুরস্কারও পান লরা।

 

এর আগে ব্যাট হাতে ব্রিসবেনকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন গ্রেস। ওপেনিংয়ে নেমে ৬৭ বলে ৯টি চার ও ৯টি ছক্কায় অপরাজিত ১২১ রান করেন তিনি। নারী বিগ ব্যাশে এটি তার চতুর্থ সেঞ্চুরি।

 

চার্লি নটের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১১৮ রান যোগ করেন গ্রেস। ৩৪ বলে ৬২ রান করেন নট। তবে দলীয় ১১৮ রানেই চার বলের মধ্যে তিন উইকেট হারায় ব্রিসবেন। সামান্থা বেটসের শিকার হন নট, জর্জিয়া রেডমেইন ও অরলা প্রেন্ডারগাস্ট।

 

সেই ধাক্কা সামলে যস্তিকা ভাটিয়াকে নিয়ে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটি গড়েন গ্রেস। ১৮ বলে ২৯ রানে অপরাজিত থাকেন যস্তিকা। তাতেই ২২৫ রানের বিশাল সংগ্রহ পায় ব্রিসবেন।

 

কিন্তু গ্রেসের সেই সেঞ্চুরিও জয়ের জন্য যথেষ্ট হয়নি। সিডনির রান তাড়ায় ভেঙেছে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৩ রান তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা।

 

একই সঙ্গে নারী বিগ ব্যাশের ইতিহাসে প্রথম দল হিসেবে ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিতেছে সিডনি। দুই দলের সম্মিলিত ৪৫১ রানও প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ।

 

এই জয়ে টানা চার ম্যাচের পরাজয়ের ধারা কাটিয়েছে সিডনি থান্ডার। অন্যদিকে টানা চার জয়ের পর হারের স্বাদ পেয়েছে ব্রিসবেন হিট। তবে ম্যাচের সবচেয়ে বড় গল্প হয়ে থাকলেন দুই বোনই। একজন ১২১ রান করেও পরাজিত দলের সদস্য, অন্যজন মাত্র ২০ বলের ঝড়ে গড়লেন ইতিহাস।