Image description

মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার অভিযোগে আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সুপারিশে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামের বিরুদ্ধে। থানার একজন পুলিশ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা দুজনই বিষয়টি অস্বীকার করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, টায়ার পোড়ানোসহ নানা ধরনের নাশকতার ঘটনা ঘটে। ওই কর্মসূচিকে ঘিরে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায়ও ককটেল বিস্ফোরণ, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, টায়ার পোড়ানো ও বিক্ষোভের ঘটনা ঘটে। এসব ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলার বিভিন্ন থানায় পাঁচটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে।

১০ নভেম্বর দিনগত রাত সাড়ে ৩টার দিকে সিংগাইরের জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিষ সাহা ও প্রচার সম্পাদক মো. মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পরদিন বিকেল ৩টার দিকে আশিষ সাহাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। তাকে ছাড়াতে থানায় যান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং একই কমিটির সদস্য আব্দুল গফুর। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপির সংসদ সদস্যের সুপারিশেই তাকে ছেড়ে দেওয়া হয়।

সিংগাইর থানায় কর্মরত একজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিএনপির সংসদ সদস্যের সুপারিশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘একজন এমপি চাইলে তার নিজ এলাকায় অনেক কিছুই করতে পারেন। এমপি মহোদয় ফোন দিয়ে বললে অনেক সময় পুলিশের কিছু করার থাকে না।’

এ ঘটনার তিনদিন পর ১৪ নভেম্বর দলীয় অনুমতি ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে তাকে কোষাধ্যক্ষ পদে মনোনীত করা হয়েছিল দাবি করে দলীয় পদ থেকে পদত্যাগ করেন আশিষ সাহা। পরে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের বিষয়টি জানান তিনি।

এ বিষয়ে আশিষ সাহা বলেন, ‘কয়েক দিন আগে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়েছিল। পরদিন বিকেল ৩টার দিকে ছেড়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘৪-৫ বছর আগে দলীয় কমিটি অনুমোদন করা হয়েছিল। আমি বিষয়টি জানতাম না। কমিটি করার সময় স্থানীয় চেয়ারম্যান আমার নাম দিয়েছিলেন। পরে বিষয়টি জানতে পারি। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাই কোনো মন্তব্য করিনি। বর্তমানে দেশের পরিস্থিতি, শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে স্বেচ্ছায় দলীয় পদ ছেড়ে দিয়েছি।’

বিএনপি নেতা আব্দুল গফুরের বক্তব্য জানতে তার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আশিষ সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ১১ নভেম্বর ভোরের দিকে থানায় আনা হয়েছিল। যে অভিযোগে তাকে আনা হয়েছিল, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে তাকে সকালেই ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আশিষ সাহা আওয়ামী লীগের পদধারী নেতা নন। বর্তমানে তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন। তার তেমন কোনো সম্পৃক্ততাও নেই। তিনি আগেই রাজনীতি ছেড়ে দিয়েছেন, তবে প্রকাশ্যে ঘোষণা দেননি।’

নাশকতার সঙ্গে সম্পৃক্ততা না থাকলে আশিষ সাহাকে থানায় আনার কারণ জানতে চাইলে ওসি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য যে কাউকে থানায় আনা যেতে পারে। তাকে যেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল, সেগুলো জানার পর ছেড়ে দেওয়া হয়েছে।

তবে বিএনপির সংসদ সদস্য কিংবা দলীয় নেতাদের সুপারিশে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

মানিকগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, ‘গত নির্বাচনে আশিষ সাহার বাড়িতে আমার নির্বাচনী ক্যাম্প ছিল। অনেকেরই আওয়ামী লীগের কমিটিতে নাম ছিল, কিন্তু তারা বিষয়টি জানতেন না। তারা তো কখনো আমাদের ভোট দিতেন না। যে লোকটি আমার নির্বাচন করেছেন, তাকে কীভাবে বলব যে তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন? তিনি আওয়ামী লীগের পদধারী কি-না, সেটাও আমার জানা নেই। নির্বাচনের পরও তার বাড়িতে অনেক অনুষ্ঠান করেছি। তিনি সরাসরি আমার নির্বাচন করেছেন এবং ওই এলাকার দায়িত্বে ছিলেন।’

এমপি আরও বলেন, ‘আমি ওসিকে বলেছি, যারা নির্দোষ, তারা যেন গ্রেফতার না হন। তাদের নজরদারিতে রাখতে বলেছি। আশিষ সাহা আওয়ামী লীগের পদধারী কি-না, তা আমার জানা নেই।’