বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছেন। আটকে পড়া পর্যটকেরা গত মঙ্গল ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) দ্বীপে বেড়াতে গিয়েছিলেন।
বুধবার রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে পুনরায় জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, সাগরের পরিস্থিতি অনুকূলে না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ। তাই আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক নয়ন শীল স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ চট্টগ্রাম দপ্তর থেকে জাহাজ চলাচল বন্ধের এই নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে। এই নির্দেশনার আওতায় কক্সবাজার-সেন্টমার্টিন, টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-মহেশখালী, পেকুয়া-কুতুবদিয়া, বাঁশখালী-কুতুবদিয়া, কুমিরা-গুপ্তছড়া ও চট্টগ্রাম-চরগজারিয়াসহ বিভিন্ন নৌপথ রয়েছে। এসব পথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি আগামীকাল ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি রয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানতে চাইলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে যাওয়া এক হাজারের বেশি পর্যটক এখনো সেখানে অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তারা ফিরতে পারছেন না। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের কক্সবাজারে ফেরার সুযোগ তৈরি হবে।
সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার একটি রিসোর্টে অবস্থানরত পর্যটক মাহবুব আহমদ শাকিল বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার অবস্থা দেখে মনে হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। যাত্রা বিলম্বিত হলেও এখানে অবস্থান করা ছাড়া আর কোনো উপায় নেই।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, বৃহস্পতিবার যাঁরা সেন্টমার্টিন যাওয়ার টিকিট কিনেছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে তারা একই টিকিট ব্যবহার করে পরবর্তী সময়ে ভ্রমণ করতে পারবেন। কোনো কারণে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এই রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। মৌসুম শুরুর পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে পর্যটকের সংখ্যা।
গত ১৩ নভেম্বর (শুক্রবার) চারটি জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণ করেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। মৌসুম শুরুর পর এক দিনে এটিই ছিল সর্বোচ্চ পর্যটক যাতায়াত। বুধবারও চারটি জাহাজে করে দ্বীপে গেছেন ১ হাজার ২৪১ জন। তাদের মধ্যে এমভি বারো আউলিয়ায় ৪৭২, কর্ণফুলী এক্সপ্রেসে ৩৭২, এমভি টেকনাফে ১৪৫ এবং এমভি মালঞ্চে ২৫২ জন ছিলেন।
সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের চাপ বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময়ে পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। পাশাপাশি ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।