Image description

দেশের বিভিন্ন স্থানে নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক কর্মসূচি কিংবা মতাদর্শের নামে সাধারণ মানুষের জানমাল, জননিরাপত্তা, যান চলাচল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশের শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

এসব ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে দেশের সর্বস্তরের মানুষকে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ছবি যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।জাতীয়তাবাদী আইসিটি ফোরাম মনে করে, জননিরাপত্তা, আইনের শাসন, নাগরিক অধিকার ও দেশের স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং সাধারণ নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সংগঠনটির অবস্থান স্পষ্ট। শান্তি, নিরাপত্তা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের অঙ্গীকার অবিচল।

শীর্ষনিউজ