সরকারের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সহিংসতা মোকাবিলায় রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। তবে সরকারবিরোধী সাত দফা দাবিতে এখনো অনড় তারা।
জোটটি বলছে, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করাই জাতীয় ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে। তবে দেশের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় আপাতত রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা।
বৃহস্পতিবার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
সরকারের জাতীয় ঐক্যের আহ্বানে ১১ দল সাড়া দেবে কি না এবং এ ক্ষেত্রে কোনো শর্ত রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, বিরোধীদলীয় নেতা সরকারের প্রধানের আহ্বানে প্রাথমিক সাড়া দিয়েছেন। তবে জাতীয় ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা।
তিনি বলেন, ‘আমরা আশা করি, গণভোটের রায় কার্যকর করা নিয়ে দেশের সাধারণ মানুষের যে কনসার্ন আছে, সেটাকে সরকার নতুন করে আমলে নেবে এবং সরকার যে অব্যাহতভাবে গণরায়কে উপেক্ষা করার যে মনোভাব তাদের ছিল, সেখান থেকে সরকার পিছু হটবে।’
১১ দলের সাত দফা দাবির আন্দোলন অব্যাহত থাকবে কি না, জানতে চাইলে মামুনুল হক বলেন, ‘আমরা সাত দফা থেকে কোনোভাবেই সরিনি। আমরা এই মুহূর্তে জরুরি পরিস্থিতিতে দেশের পরাজিত শক্তি, আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করাটাকে সবকিছুর চেয়ে অগ্রগণ্য মনে করছি।’
বিরোধীদলের কর্মসূচির বিষয়ে তিনি জানান, আপাতত রাজপথে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ১১ দল। পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী জোটগত ও দলীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হবে।
বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী শক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে মামুনুল হক বলেন, ‘এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পরিচয় আবারও দেশের মানুষ ও বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত আধিপত্যবাদী শক্তির এই অপশক্তিকে রুখতে হবে এবং আমরা সেটা দেশের জনগণকে নিয়েই ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করে মোকাবিলা করব।’
‘জুলাইয়ের সময় রাজপথে গড়ে ওঠা ঐক্য বাংলাদেশের রক্ষাকবচ’ উল্লেখ করে খেলাফতে মজলিসের আমির বলেন, ‘সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে তা দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। গণভোটের মাধ্যমে জনগণের রায়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। তাই সেই রায় কার্যকর করা জরুরি।’
সাম্প্রতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহানুভূতি প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে জনগণকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন।
প্রশাসনের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের আরও সচেতন ও কার্যকর ভূমিকা প্রয়োজন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে বলে মনে করেন তিনি। সরকারের সমন্বয়ের অভাব রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সজাগ ও দ্রুত ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
এর আগে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গত কয়েক দিনের সহিংসতা ও আওয়ামী লীগের অপতৎপরতার কারণে দেশ অস্থিরতার মধ্যে পড়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকারের পদক্ষেপ যথেষ্ট দৃশ্যমান ও কার্যকর ছিল না বলে মনে করেন তিনি।
আযাদ বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করা, সব মিলিয়ে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য ছিল, এর মধ্যে তারা বিভক্তি তৈরি করেছে।’
১১ দলের কাছে কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য নয়। জনগণের নিরাপত্তা, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন করা হলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এতে এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।