Image description

কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের প্রেসি‌ডিয়াম সদস‌্য জাহাঙ্গীর ক‌বির নানকের বাসভবনে আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্প‌তিবার ভোর রাতে ব‌রিশাল নগরীর বটতলা এলাকায় নানকে‌র বাসভব‌নে আগুন দেওয়া হয়।

প্রত‌্যক্ষদর্শীদের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা ভোর রাতে নানকের বাসায় ইট পাটকেল নি‌ক্ষেপ করে বেশ ক‌য়ে‌টি জানালা ভাঙচুর করে। বাসায় আগুন দেন তারা। তবে তেমন কো‌নো ক্ষয়ক্ষ‌তি হয়‌নি।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে বরিশালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আগুন জ্বালিয়ে মিছিল করার খবর পাওয়া গেছে।

গত রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কে পৃথকভাবে মহানগর যুবলীগের নেতাকর্মীরা এ মিছিল করে বলে নিজ ফেসবুক পেজে ভিডিও শেয়ার করে জানিয়েছেন ব‌রিশাল জেলা ছাত্রলীগের সাংগঠ‌নিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসু‌দ্দোহা আবিদ।

ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিক্ষোভ মিছিল করছে। আর সেখানে তারা ভারতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে আসবে উল্লেখ করে স্লোগান দেন। এসময় সবার মুখে মুখোশ পরা ছিল।

তবে এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া গেলেও, সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বরিশাল মেট্রোপলিটনের আওতাধীন মহাসড়কের কোনো অংশে প্রতিবন্ধকতার খবর তাদের কাছে ছিল না।

৩৯ ও ৫৬ সেকেন্ডের প্রকাশিত দুটি ভিডিওর সূত্র ধরে নগরের গড়িয়ার পাড় এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ভোররাতের দিকে মহাসড়কে মাত্র কয়েক মুহূর্তের জন্য মিছিলের শব্দ পেয়েছেন। তবে সেটি দীর্ঘস্থায়ী ছিল না।

এদিকে রাতভর বরিশাল নগর ও আশপাশের এলাকায় সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তায় স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সরব অবস্থান দেখা গেছে। দফায় দফায় মহড়া দিয়েছেন নেতাকর্মীরা।