Image description

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু পদত্যাগ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব ও ভিত্তিহীন অপপ্রচার বলে দাবি করেছে দলটির মিডিয়া সেল।

বুধবার (১৮ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব। একটি দুষ্টচক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে।

শায়রুল কবির খান জানান, গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বরকত উল্লাহ বুলু। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে বুধবার সকালে সেখানে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. উসমান ফারুকের পদত্যাগের বিষয়ে শায়রুল কবির খান বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি পদত্যাগ করেছেন। তার স্ত্রীও অসুস্থ। এ বিষয়ে উসমান ফারুকের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। তার পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক বিষয় নেই বলে জানান তিনি।

শায়রুল কবির খান আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার পরিচালিত হচ্ছে। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আস্থার প্রতীক।

এ সময় দলীয় নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান বিএনপির মিডিয়া সেলের এই সদস্য।