ইয়েমেনের হুথিরা সৌদি আরবের কিছু অংশ ‘দখল’ করে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন পডকাস্টার টাকার কার্লসন। সোমবার প্রকাশিত একটি পডকাস্টে আমেরিকান ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইচার্টের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিষয়টি নিয়ে মার্কিন সংবাদমাধ্যমে কোনো প্রচার বা প্রকাশ করা হচ্ছে না বলেও জানান তিনি।
পডকাস্টে কার্লসন বলেন, হুথি বাহিনী বর্তমানে সৌদি আরবকে বৈধভাবে হুমকি দিচ্ছে।
তিনি আরও যোগ করেন, এই মুহূর্তে সৌদি ভূখণ্ডে কোনো হুথি সেনার উপস্থিত আছে? হ্যাঁ, রয়েছে।
তবে এসব তথ্য তিনি কোথায় পেয়েছেন তা নিয়ে পডকাস্টে কিছু স্পষ্ট করেননি। আরব উপসাগরীয় অঞ্চলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এই গণমাধ্যম ব্যক্তিত্বের নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানা যায়।
গত অক্টোবরে ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায় যে কার্লসন ‘ভূমধ্যসাগরে আরব উপসাগরীয় রাজপরিবারের সদস্যদের প্রমোদতরীতে’ গিয়ে সাক্ষাৎ করেছেন। এছাড়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তিনি এই সপ্তাহেই উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কাঠামোর সমালোচক হিসেবে পরিচিত হলেও যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ইরান ও ইসরায়েল যুদ্ধ ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করলেও তিনি উইচার্টকে জানান, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে।
হুথিদের ‘দখল’ প্রসঙ্গ
কার্লসনের এ দাবির আগে গত ২ নভেম্বর ‘মিডল ইস্ট আই’ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, হুথিরা সৌদি আরবে আকস্মিক অভিযান চালাচ্ছিল। সূত্রগুলোর মতে, গত অক্টোবরে এ অভিযানগুলো পরিচালিত হয়েছিল। হুথিরা এখনো সৌদি ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে ধরে রেখেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার দুর্গম সীমান্ত এলাকায় সাংবাদিকদের প্রবেশাধিকার নেই। পাহাড়ি ও বিশাল মরুভূমি নিয়ে গঠিত ওই সীমান্ত অঞ্চলের ভূপ্রকৃতি অত্যন্ত জটিল। ইয়েমেনে আগের সংঘাতের সময় হুথিরা সীমান্ত পেরিয়ে সৌদি আরবে হামলা চালালে সেখানকার গ্রামগুলোর মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছিল।
বর্তমানে হুথি ও সৌদি সমর্থিত সরকারের মধ্যকার মূল লড়াই ইয়েমেনের সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ রয়েছে। হুথিরা সরকারের অস্থায়ী রাজধানী বন্দরনগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে। তবে সৌদি আরবের ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষার কথা হুথিরা প্রকাশ্যেই বলে আসছে। ১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে ইয়েমেন দক্ষিণের যে তিন প্রদেশ—আসির, জাজান ও নাজরান সৌদি আরবের কাছে হস্তান্তর করেছিল, সেগুলোর ওপর নিজেদের অধিকার দাবি করে আসছে হুথিরা।
সৌদি সীমান্তের দক্ষিণ দিকের পাহাড়ি অঞ্চল ইয়েমেনের সাদা গভর্নোরেটে হুথিদের উৎপত্তি। আন্দোলনটির প্রতিষ্ঠাতা হুসেইন বাদরেলদিন আল-হুথির নামানুসারে এর নামকরণ করা হয়েছে, এটি শিয়া ইসলামের জায়দি মতবাদ অনুসরণ করে। ইয়েমেনের সমাজের বিভিন্ন স্তর থেকে হুথিরা সদস্য সংগ্রহ করলেও তাদের শীর্ষ নেতৃত্ব নিজেদের নবী মুহাম্মদ (সা.)-এর বংশধর বলে দাবি করে থাকে।
পডকাস্টে কার্লসন উল্লেখ করেন, তিনি বিশ্বাস করেন, কেবল ইরান নয়, সৌদি আরবকে দুর্বল দেখতে চায় এমন অন্য শক্তিগুলোর পক্ষ থেকেও হুথিদের এ যুদ্ধে সহায়তা করা হচ্ছে।
তিনি বলেন, আমার মনে হয় হুথিদের ওপর ইরানের বিশাল প্রভাব রয়েছে। তবে তাদের পেছনে কেবল এই একটি শক্তিই রয়েছে?
কার্লসন সুনির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ না করলেও ড্রপসাইট নিউজ গত অক্টোবরে একটি প্রতিবেদনে দাবি করে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত ইয়েমেনি দলগুলো লক্ষ্যবস্তু নির্ধারণে গোপনে হুথিদের সহায়তা করে আসছে।
সূত্র: মিডল ইস্ট আই