Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির পাশের এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক রাউন্ড গুলির শব্দ শোনার দাবিও করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচটি মোটরসাইকেলে করে হেলমেট পরা ১০ জন ব্যক্তি গোলাকান্দাইল এলাকায় মাসুমের গ্যারেজের সামনে আসেন। সেখানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মেঘলা পরিবহনের দুটি বাসে তারা আগুন ধরিয়ে দেন। এ সময় তাদের পক্ষ থেকে এক রাউন্ড গুলি ছোড়া হয় বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

আগুন দ্রুত বাস দুটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাস দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম সাংবাদিকদের বলেন, তার বাস দুটি সংসদ সদস্য দিপু ভূঁইয়ার বাড়ির সামনে মাসুমের গ্যারেজে রাখা হতো। রাত সাড়ে ৩টার দিকে পাঁচটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা ১০ জন ব্যক্তি বাস দুটিতে আগুন দেন। এতে তার সর্বস্ব শেষ হয়ে গেছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

ঘটনার খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। বাস দুটিতে কারা আগুন দিয়েছে, তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বাসে অগ্নিসংযোগের পাশাপাশি গুলি ছোড়ার অভিযোগের সত্যতা এবং ঘটনার পেছনের কারণ তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন তারা।