Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে লালমাই উপজেলা যুবদলের আহ্বায়কের একটি পোস্টের প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া। এ ধরনের বক্তব্য দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে কাম্য নয় উল্লেখ করে স্থানীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন তিনি। এ নিয়ে দেওয়া তার ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিবাদ জানান মোবাশ্বের আলম ভূঁইয়া।

তিনি লেখেন, আমি টুকটাক সোশ্যাল মিডিয়া ব্যবহার করি এবং নিজের মতামতও প্রকাশ করি। আজ আমার নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অন্তর্গত লালমাই উপজেলা যুবদলের আহ্বায়কের একটি পোস্ট আমার নজরে এসেছে, যাহা আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি।

ওই পোস্টের সমালোচনা করে তিনি বলেন, একটি সংগঠনের আঞ্চলিক দায়িত্বে থাকা নেতার কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। গোপালগঞ্জের মতো স্পর্শকাতর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাষ্ট্র ও দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। কে আইসিইউতে যাবে আর কে মর্গে যাবে-এ ধরনের অতিকথন বা উসকানিমূলক ভাষা কোনো দায়িত্বশীল নেতার কাছ থেকে কাম্য নয়।

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য উসকানির সৃষ্টি করে, যা এলাকার সুশাসন ও শান্তি বিনষ্ট করতে পারে এবং ব্যক্তিগত শত্রুতার জন্ম দিতে পারে।

 

 

যুবদল নেতার সমালোচনা; উসকানি পরিহারের আহ্বান এমপি মোবাশ্বেরের

নিজ এলাকার নেতাকর্মীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, স্থানীয় নেতাকর্মীরা যেন এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে থেকে বিরত থাকে। দল তোমাকে দায়িত্ব দিয়েছে স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও সুসংহত করার জন্য, উসকানিমূলক লেখালেখির জন্য নয়।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের বেআইনি কার্যকলাপ দমনের দায়িত্ব একমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ব্যক্তিগতভাবে কারও আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ নেই।

কালবেলা