Image description

নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে চার লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছিল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জোনাইল পাগলা বাজারে ওই ব্যবসায়ীকে সাড়ে তিন লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের।

আব্দুল কাদের বলেন, গতকাল মঙ্গলবার জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন, বিএনপি নেতা আফসার আলী ও রফিকুল ইসলামসহ অন্যদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। সেখানে তাঁকে তিন লাখ ৭৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

তিনি আরও বলেন, গণমাধ্যমে খবর প্রকাশের পর তিনি টাকা ফেরত পেয়েছেন। এ জন্য আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বাবুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছিল। এখন তার অবসান হয়েছে।

উল্লেখ্য, বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে শুঁটিজাল বসিয়ে মাছ ধরছিলেন স্থানীয় ছাত্রদল নেতা বাবুল হোসেন। উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে শুঁটিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শুঁটিজাল উচ্ছেদের ঘটনায় বাবুল হোসেন ভুক্তভোগী আব্দুল কাদেরকে সন্দেহ করেন। উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করার অভিযোগ তুলে তাঁকে আটকে রাখা হয়। এ সময় ক্ষতিপূরণের নামে ১২ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন আব্দুল কাদের। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। পরে চার-পাঁচ ঘণ্টা আটকে রেখে বাড়ি থেকে লোক মারফত চার লাখ টাকা এনে দিতে বাধ্য করা হয়। আরও এক লাখ টাকা দেওয়ার জন্যও তাঁর কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।