Image description

দুই বছরেরও বেশি সময় ধরে আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনের বারিধারার গোপন অবস্থান নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

রাজধানীর অভিজাত এলাকা বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অবস্থান করেও কীভাবে দীর্ঘদিন গোয়েন্দাদের নজর এড়িয়ে ছিলেন, কারা তার সঙ্গে যোগাযোগ রাখতেন, কারা বাসায় আসা-যাওয়া করতেন এবং কীভাবে চলত তার দৈনন্দিন জীবন- এসব বিষয় নিয়ে উঠছে নানা প্রশ্ন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে বারিধারার ওই বাড়িতে অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। জুলাই আন্দোলনের সময় ধানমন্ডিতে কিশোর মোতালেব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেপ্তারের আগ পর্যন্ত বারিধারার ওই বাড়িতেই অনেকটা গোপনে অবস্থান করছিলেন সাঈদ খোকন। আত্মগোপনে থাকার সময় নিজের চেহারায় পরিবর্তন আনতে চুল ও দাড়ি বড় করেছিলেন তিনি। এমনকি বাড়ির বাইরে বের হওয়া, জানালার কাছে যাওয়া কিংবা অন্যদের চোখে পড়ার মতো কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকতেন।

অভিজাত ভবনে দ্বিতীয় তলায় আস্তানা

যে বাড়ি থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি ৯-তলাবিশিষ্ট একটি অভিজাত ভবন। ভবনটির একতলায় থাকেন তার অসুস্থ মা ফাতেমা খাতুন। অষ্টম তলায় থাকেন তার বোন শাহানা হানিফ ও তার স্বামী জাবেদ আহমেদ।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, বোনের ফ্ল্যাটকে কেন্দ্র করেই সেখানে অবস্থান করছিলেন সাঈদ খোকন। তিনি থাকতেন ভবনটির দ্বিতীয় তলায়।

মায়ের অসুস্থতার বিষয়টি সামনে রেখে পরিবারের সদস্যদের সঙ্গে একই ভবনে তার অবস্থান কতটা গোপন রাখা সম্ভব হয়েছিল, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভবনের নিরাপত্তাকর্মীদের বক্তব্য অনুযায়ী, সাঈদ খোকন ওই বাড়িতে কখন এসেছেন, তা তারা জানেন না। এমনকি তাকে কখনো বাইরে বের হতেও দেখেননি।

ভবনের নিরাপত্তাকর্মী মো. রুহুল জানান, একতলায় সাঈদ খোকনের মা থাকেন। অসুস্থ ও অনেকটা শয্যাশায়ী হওয়ায় একজন গৃহকর্মী তার দেখাশোনা করেন। অষ্টম তলায় থাকেন তার বোন ও বোনের স্বামী।

বাইরে যেতেন না, খাবার আসত পার্সেলে

সাঈদ খোকনের আত্মগোপনের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল তার খাবার সংগ্রহের কৌশল। একাধিক সূত্রের দাবি, গত দুদিন ধরে সন্ধ্যার পর ওই বাড়িতে খাবারের পার্সেল আসছিল। গত সোমবার সন্ধ্যা ৭টা ও রাত ১০টার দিকে দুই দফায় খাবার পৌঁছে দেওয়া হয়।

পার্সেল নিতে নিচে নেমে আসতেন অষ্টম তলার গৃহকর্মী। খাবারের দাম পরিশোধ করা হতো নগদ টাকায়। এসব পার্সেলের খাবারই খেতেন সাঈদ খোকন। তিনি নিজে কখনো খাবার আনতে নিচে নামতেন না। এমনকি জানালার কাছেও আসতেন না বলে সূত্রগুলো জানিয়েছে।

প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন ধরে এভাবে খাবার সরবরাহের ব্যবস্থা কে করতেন? খাবার অর্ডার দিতেন কে? পার্সেল সরবরাহকারীরা কি জানতেন, কার জন্য খাবার নেওয়া হচ্ছে? নাকি সাধারণ একটি বাসায় খাবার পৌঁছে দেওয়ার কাজ হিসেবেই তারা বিষয়টি দেখতেন? এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে তার আত্মগোপনের নেপথ্যে কারা সহযোগিতা করেছেন, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেও জানায় তদন্ত সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ কর্মকর্তা পরিচয়ে কারা আসতেন বাসায়

বাড়িটির এক গাড়িচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, দুদিন আগে একজন ব্যক্তি নিজেকে এক পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় দিয়ে ওই বাসায় গিয়েছিলেন। তিনি বাসা থেকে বেরিয়ে অন্যদের জানান, তার স্যার জাবেদ আহমেদের বন্ধু। ওই পুলিশ সুপারের মায়ের দেখাশোনার জন্য একজন গৃহকর্মী প্রয়োজন। এ বিষয়ে আলোচনা করতেই তিনি এসেছেন বলে দাবি করেন।

তবে ওই ব্যক্তির প্রকৃত পরিচয় কী, তিনি কার নির্দেশে সেখানে গিয়েছিলেন এবং তার সঙ্গে সাঈদ খোকনের কোনো যোগাযোগ হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। উত্তরা থেকে এসে বারিধারার ওই বাসায় গৃহকর্মী খোঁজার বিষয়টিও গাড়িচালকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তার ধারণা, গৃহকর্মী নিয়োগের কথা বলে ওই ব্যক্তি অন্য কোনো উদ্দেশ্যে সেখানে গিয়ে থাকতে পারেন।

তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে- সাঈদ খোকনের সঙ্গে দেখা করতে আর কারা ওই বাসায় যাতায়াত করতেন? পরিবারের সদস্যদের বাইরে কোনো রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তা কিংবা অন্য কেউ তার সঙ্গে যোগাযোগ রাখতেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
স্বজনদের দাবি, তিনি ছিলেন সৌদি আরবে!

সাঈদ খোকনের অবস্থান নিয়ে তার স্বজনদের মধ্যেও বিভ্রান্তিকর তথ্য ছিল বলে জানা গেছে। গ্রেপ্তারের পর ওই বাড়িতে সাঈদ খোকনের স্বজন পরিচয়ে কয়েকজন গিয়ে জানান, তারা জানতেন তিনি সৌদি আরবে অবস্থান করছেন।

এতে প্রশ্ন উঠেছে, পরিবারের সদস্যদের একটি অংশ কি সত্যিই তার অবস্থান সম্পর্কে কিছু জানতেন না, নাকি তার অবস্থান গোপন রাখতেই সৌদি আরবে থাকার কথা প্রচার করা হয়েছিল?
গোয়েন্দাদের পক্ষ থেকেও এখনো নিশ্চিত হওয়া যায়নি, সাঈদ খোকন পুরো সময় দেশেই আত্মগোপনে ছিলেন, নাকি সাম্প্রতিক সময়ে বিদেশ থেকে ঢাকায় ফিরেছেন। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে তিনি দেশে ফিরেছেন কি না, সে বিষয়টিও তদন্তের আওতায় আসতে পারে।

ডিসেম্বর ঘিরে নাশকতার পরিকল্পনা কী ছিল

সাঈদ খোকনের দীর্ঘদিনের আত্মগোপন, হঠাৎ বারিধারার ওই বাসায় অবস্থান, গোপনে খাবার সংগ্রহ, চেহারায় পরিবর্তন এবং বাসায় সন্দেহজনক ব্যক্তিদের যাতায়াতের তথ্য-সব মিলিয়ে তার সাম্প্রতিক সময়ের কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

বিশেষ করে ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা, নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় তদন্ত সংশ্লিষ্টরা।

তবে এতদিন তিনি দেশেই আত্মগোপনে ছিলেন নাকি ডিসেম্বরকে কেন্দ্র করে বাইরের দেশ থেকে ঢাকায় এসেছেন, সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি গোয়েন্দারা।

৭ কারণ দেখিয়ে ৭ দিনের রিমান্ড

গ্রেপ্তারের পর জুলাই আন্দোলনে ধানমন্ডিতে কিশোর মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনকে সাত কারণ উল্লেখ করে ১০ দিনের রিমান্ড আবেদন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সুজন হক। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া তার পরবর্তী পরিকল্পনা, পলাতক আসামিদের অবস্থান, অজ্ঞাতনামা আসামিদের পরিচয়, তাকে আশ্রয়দাতাদের পরিচয় এবং তাদের বর্তমান আস্তানা ও সভা-আলোচনার স্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা দরকার বলেও জানানো হয়।