Image description

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, গোপালগঞ্জে বা অন্য জায়গায় যারা এই কাজগুলো করছেন—ফেসবুকে খুবই ট্রেন্ডিং আছে একটা শব্দ, এক আইনজীবীর কারণে, সেটা হচ্ছে ‘নন-পলাতক আওয়ামী লীগ’। এই পলাতক আওয়ামী লীগারদের উসকানিতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ যারা আছেন, তারা যেটা করছেন, এটা আসলে তাদের বিপদ ডেকে আনছে। কারণ এগুলো ফৌজদারি অপরাধ। এই ফৌজদারি অপরাধের মাশুল কিন্তু আসলে তাদেরকে দিতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেছেন তথ্য উপদেষ্টা। এতে জড়িত ও অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি বলেন, ‘গোপালগঞ্জ নিয়ে প্রচুর কথা হয়েছে, সংসদে কথা হচ্ছে এবং আমাদের তথ্যমন্ত্রীও প্রতিমন্ত্রী কথা বলেছেন। আওয়ামী লীগের নামে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তাদের নামে সাধারণ মিছিল করলেও সেটা বেআইনি। সমাবেশ করলেও বেআইনি। 

সেখানে নৃশংসতা এবং সহিংসতা দেখানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা—এই ঘটনা সরকার টলারেট করার কোনো কারণ নেই। তবে আমরা আগে একটা কথা বলেছিলাম যে পুলিশ এমনভাবে কাজ করবে, সেটা যাতে ইফেক্টিভ হয় এবং বল প্রয়োগের পরিমাণ যেন প্রপোর্শনেট হয়। এটা খুব গুরুত্বপূর্ণ।’

পুলিশের বল প্রয়োগের অধিকার আছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু সেটা আমরা এতদিন যে সমালোচনা করছিলাম, সেই সমালোচনায় আমরা ভুগতে চাই না—পুলিশের বল প্রয়োগ ডিসপ্রপোর্শনেট ছিল, যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি বল প্রয়োগ করা হতো। সেই বল প্রয়োগটা আনুপাতিক হারে করা হবে এবং অবশ্যই আপনার সাথে আমি নিশ্চিত করছি, যাদের ছবি দেখা গেছে, তারা গ্রেপ্তার হবে এবং বিচারের সম্মুখীন হবেন।’

১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এসব কর্মসূচিতে ঢাকায় কিছু হবে না। সারা দেশেও তেমন কোনো রকম কোনো সমস্যা হয় না। কোথাও যদি দায়িত্বে অবহেলা দেখা যায়, সেখানে সমাধান হলো- সেখানে আরও সিনসিয়ার কাউকে দিতে চাই। বদলির কারণ সেটাই। তাদের কোনো ব্যর্থতা তো আছেই।