Image description

লন্ডনে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী সন্ত্রাসীদের এই উগ্রতা ও দুর্বৃত্তপনা শিগগিরই আন্তর্জাতিকভাবে এদের  নিষিদ্ধের ব্যবস্থা করে দিবে। তবে গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?’

মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি বলেন, ‘জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেনি, আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামীলীগের হাতে মাইর খাওয়ালো! এখানেও কি তারা বিএনপি সরকারের কুটনৈতিক ব্যর্থতা খুঁজে পাবে?’

তিনি আরও বলেন, ‘গতকাল যেমন তাদের একজন আধা জামায়াতি-আধা এনসিপি নেত্রী থানায় অভিযোগ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক হুমকির জন্য কুটনৈতিক ব্যর্থতা আবিষ্কার করল, আশা করি নাহিদ ইসলাম একই ভুল করবে না যে, বিএনপি সরকার লন্ডনে আমাকে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে!’

মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘এবার যদি জামায়াত-এনসিপির শুভবুদ্ধির উদয় হয় যে, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিরোধ করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সেক্ষেত্রে দোষারোপের রাজনীতির চেয়ে একতার রাজনীতি বেশি গুরুত্ব পাবে এবং বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা নাশকতা ও হামলার দুঃসাহস দেখাবে না।’

তিনি দুই দলের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘আসুন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করি। আওয়ামী লীগ জাতির শত্রু। এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে।’