Image description

চট্টগ্রাম নগরীতে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলার আসামি মোহাম্মদ রায়হান অপরাধজগতে হয়ে উঠেছেন এক আতঙ্কের নাম। সর্বশেষ চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি ও মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব’। এছাড়া ভুক্তভোগীকে ‘কাফনের কাপড় কিনে রাখার’ হুমকিও দেন তিনি।

জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় জাফর আহমদ নামের এক ব্যক্তির বাড়িতে গুলির ঘটনা ঘটে। এতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে যায়।

ভুক্তভোগী জাফর আহমদ সাংবাদিকদের জানান, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী মোহাম্মদ রায়হানের সহযোগীরা তার বাড়ির একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে ওই সময় তিনি ও পরিবারের সদস্যরা কক্ষটিতে না থাকায় কেউ হতাহত হননি।

জাফর আহমদ বলেন, ১০ মাস আগে রায়হান তাকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তখন তিনি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে ছিলেন। বিষয়টি পুলিশকে জানানোর পর দীর্ঘদিন কোনো হুমকি না এলেও গত বুধবার আবারও ফোন করে চাঁদা দাবি করেন রায়হান।

গুলির ঘটনার পর আবারও ফোন করে হুমকি দেওয়া হয় বলে জানান জাফর আহমদ। তিনি বলেন, ‘গুলি করার পর ফোন করে আমাকে বলেছে—টাকা দিসনি তো; আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে গুলি করে চলে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়ির মালিক জাফর আহমদকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে রায়হানের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না পেলে সহযোগীদের দিয়ে গুলি করার অভিযোগও রয়েছে।

কালবেলা