সম্প্রতি, খুলনা সদরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে ধরতে না পেরে রাস্তার মধ্যে তার মায়ের উপর নির্যাতন করছে বিএনপি- দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি এমন কোনো ঘটনার নয়, এমনকি ভিডিওটি বাংলাদেশেরই নয়। মূলত, গত বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলার গৌরী বাজার থানার আওতাধীন বিষ্ণুপুরা প্রথম এলাকায় জমি সংক্রান্ত বিরোধ থেকে বৃদ্ধা নারীর ওপর হামলা করেছিল আশিস পাণ্ডে নামের একজন। সেই ঘটনার দৃশ্য এটি।
বিস্তারিত
অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘The Free Press Journal’ এর ওয়েবসাইটে গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনে থাকা ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার গৌরীবাজার থানার আওতাধীন বিষ্ণুপুরা প্রথম এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ দম্পতিকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
একই তথ্যে তখন সংবাদ প্রকাশ করেছিল ভারতীয় আরও একাধিক গণমাধ্যম (১, ২)।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।