Image description

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চক্রের গুরুত্বপূর্ণ হোতা পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা সুজিত গোপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। এদিন পরীক্ষার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় অধিদপ্তর।

 

এ ঘটনায় গত ১৬ অক্টোবর প্রশ্নফাঁস চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরিবেশ অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ব্যক্তিরাও ছিলেন।

এসআরবি জানায়, চক্রটি হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরিপ্রার্থীদের কাছে প্রশ্নপত্র সরবরাহ করত। বিনিময়ে প্রার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা নেওয়া হতো। চার থেকে পাঁচ বছর ধরে চক্রটি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ওই সময় ঢাকা শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। অভিযোগ তদন্তে শনিবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি।