Image description

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি দেওয়া হয়েছে। এনিয়ে দ্বিতীয়বার এমনটা ঘটল।

উপজেলার চিনাইর গ্রামের চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে বুধবার (১১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আগে শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ ছিল। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সেটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্ষতিগ্রস্ত ছবির জায়গায় মুগ্ধের প্রতিকৃতি বসানো হয়। বুধবার সেই স্মৃতিস্তম্ভে মুগ্ধের মুখাবয়বের বেশিরভাগ অংশ ও তাঁর নাম কালি মাখা দেখতে পান স্থানীয়রা।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে ২০২৫ সালের ২৫ নভেম্বর মুগ্ধের স্মৃতিস্তম্ভে একইভাবে কালি দেওয়া হয়েছিল।

জুলাই আন্দোলনের সময় ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এমবিএর শিক্ষার্থী মুগ্ধ। তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আন্দোলন চলাকালে নিহতের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মুগ্ধকে আন্দোলনকারীদের পানি পান করাতে দেখা যায়। পানির বোতল হাতে তিনি বলছিলেন, ‘পানি লাগবে কারও, পানি’। এ অবস্থাতেই তাঁর মাথায় গুলি লাগে। পরে ‘পানি লাগবে পানি’ শব্দবন্ধ আন্দোলনের প্রতীকে পরিণত হয়।