Image description

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে সংস্থার শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেয়। পরে অফিসের থাইগ্লাস ভেঙে ফেলে। যাওয়ার সময় কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় কার্যালয়ের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, অফিসের কর্মী ও স্থানীয় লোকজন ছুটে আসেন।

পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

শীর্ষনিউজ