Image description

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিন বিএনপি নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুগুলোর সঙ্গে হাতে লেখা ‘জয় বাংলা’ সংবলিত চিরকুটও পাওয়া গেছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে নেতাদের বাড়ির ফটকের সামনে থেকে এসব বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বুড়িপোতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে যাওয়ার সময় নিজের বাড়ির গেটে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান তিনি।

 

বস্তুটির সঙ্গে হাতে লেখা ‘জয় বাংলা’ শব্দযুক্ত একটি কাগজ মোড়ানো ছিল।

পরে স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন, একই ধরনের বস্তু বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল হক খোকন এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়ির সামনেও রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তিন পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।

শীর্ষনিউজ