Image description

জামালপুরের মেলান্দহ উপজেলায় নতুন নিয়োগ পাওয়া ১৩ জন সার ডিলারের মধ্যে ছয়জনই বিএনপি নেতাদের স্ত্রী। অথচ ব্যবসা-বাণিজ্যে তাদের পূর্বের কোনো অভিজ্ঞতা নেই, এলাকাজুড়ে তারা সবাই গৃহিণী হিসেবেই পরিচিত।

বিএনপি ক্ষমতায় আসার পর বহু বছরের পুরোনো সার বণ্টন ব্যবস্থা ভেঙে দিয়ে দেশজুড়ে নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হয়। তবে এই নিয়োগে বিএনপি নেতা ও তাদের স্বজনদের প্রাধান্য দেওয়ায় দলের ভেতরেই ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এই ডিলারশিপের জন্য প্রতিটি এলাকায় বহু মানুষ আবেদন করলেও শেষ পর্যন্ত প্রভাব আর লবিংয়ে যারা এগিয়ে ছিলেন, তারাই বাজিমাত করেছেন। এমনকি নতুন নিয়োগ পাওয়া একাধিক ডিলার নেপথ্যে আর্থিক লেনদেনের কথা মুখ ফুটে স্বীকারও করেছেন।

মেলান্দহে ডিলারশিপ পাওয়া ওই ছয় নারী হলেন পৌর বিএনপির সভাপতি মনোয়ার হালদারের স্ত্রী খাদিজা পারভীন, নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকের হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার, নয়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বেলালের স্ত্রী ফরিদা পারভীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল কবির মনজুরের স্ত্রী রোকসানা কবির, ঝাওগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারেজ সরকারের স্ত্রী শেফালী বেগম এবং শ্যামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের স্ত্রী বুলবুলি।

হঠাৎ কেন ব্যবসায় নামলেন, এ নিয়ে প্রশ্ন করা হলে তাদের সবাই মুখে কুলুপ আঁটেন। টাইমস ও অন্য একাধিক সংবাদমাধ্যমের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি কেউ কেউ মোবাইল ফোনও বন্ধ করে রাখেন।

মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজম খান আক্ষেপ করে বলেন, ‘আবেদনকারীদের সাথে স্পষ্ট প্রতারণা করা হয়েছে। যাচাই-বাছাই কমিটি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই সিংহভাগ ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।’

এদিকে মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ নিজেদের দায় এড়িয়ে বলেন, ‘ডিলার নিয়োগে সরাসরি মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। এখানে স্থানীয়ভাবে আমাদের কিছুই করার ছিল না।’

মূল নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী, প্রতিটি ইউনিয়নের জন্য একজন এবং কয়েকটি পৌরসভা মিলিয়ে যৌথভাবে একজন করে ডিলার নির্বাচন করা হয়। প্রতিটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি বিতরণ পয়েন্টের জন্য ৩টি করে নাম মন্ত্রণালয়ে পাঠায় এবং সেখান থেকেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

সীমিত লাভ, তাও পাওয়ার এত লড়াই কেন?

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সারের সংকট এবং সরকার নির্ধারিত দামে সার না পাওয়ার হাজারো অভিযোগের মাঝেই এই ডিলার নিয়োগের ঘটনাটি সামনে এল। নীতি অনুযায়ী ডিলাররা প্রতি কেজি সারে মাত্র ৩ টাকা কমিশন পান। এই সামান্য টাকা থেকেই তাদের গুদাম ভাড়া, যাতায়াত ও পরিবহন, শ্রমিক খরচ এবং নিরাপত্তার মতো যাবতীয় পরিচালন ব্যয় মেটাতে হয়।

আত্রাই উপজেলার আহসানগঞ্জের ডিলার বীরেন্দ্রনাথ দাস জানান, এই সামান্য লাভে এসব খরচ চালিয়ে টিকে থাকা একেবারেই অসম্ভব।

নওগাঁর বদলগাছীর নতুন এক ডিলার টাইমসের কাছে স্বীকার করেন, নির্ধারিত কমিশনে ব্যবসা চালানো সত্যি কঠিন। তবে পরক্ষণেই একটু হেসে উল্টো প্রশ্ন ছুড়ে দেন, ‘কিন্তু আদতে সরকার নির্ধারিত দাম মেনে কয়জন ব্যবসা করে?’

ডিলারশিপ হাতে পেলেন কীভাবে জানতে চাইলে তিনি খোলামেলাভাবেই বলেন, ‘এই ডিলারশিপ পাওয়া মুখের কথা নয়। বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ আর লবিং করতে হয়েছে। ওপর তলার অনেককে সন্তুষ্ট করতে মোটা অঙ্কের লেনদেনও করতে হয়েছে।’

নওগাঁর রানীনগরের এক সাবেক ডিলারের হিসাব অনুযায়ী, বোরো ও আমন মৌসুমে প্রতিটি ইউনিয়নে মাসে ৫ হাজার থেকে ১০ হাজার বস্তা বা ২৫০ থেকে ৫০০ টন এবং অন্যান্য মৌসুমে এক হাজার থেকে দুই হাজার বস্তা বা ৫০ থেকে ১০০ টন সার বরাদ্দ দেওয়া হয়।

গত মৌসুমে তার নিজের ইউনিয়নেই বরাদ্দ এসেছিল ১০ হাজার বস্তা। এখন নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি মাত্র ২০০ টাকা বেশি নিলেই এক মৌসুমেই পকেটে ঢোকে অতিরিক্ত ২০ লাখ টাকা।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কেবল সার বেচাকেনাই নয়, নিজেদের বড় প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নেওয়ার সুযোগ পান ডিলাররা। তা ছাড়া খোলাবাজারে বেশি দামে বেচা এবং এক জেলা-উপজেলা থেকে অন্য জেলায় সার পাচার করে অনেকে রাতারাতি মোটা টাকা বানিয়ে নিচ্ছেন।

লক্ষ্মীপুর: ৭৯ শতাংশ ডিলারই বিএনপির

লক্ষ্মীপুরে নিয়োগ পাওয়া মোট ৫৭ জন ডিলারের মধ্যে ৪৫ জনই বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের পদধারী নেতাকর্মী–যা মোট নিয়োগের প্রায় ৭৯ শতাংশ। বাকিদের বড় অংশও দলের অনুসারী কিংবা নেতাদের ঘনিষ্ঠ স্বজন।

 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসিবুর রহমান অবশ্য বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন। তার ভাষ্য, ‘গত ১৭ বছর ধরে আমাদের দলের নেতাকর্মীরা সার ডিলারশিপসহ সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। দল ক্ষমতায় আসার পর অনেকেই এখন ব্যবসা-বাণিজ্যে ফিরছেন, তাই ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন।’

সরকারি নীতিমালায় স্পষ্ট বলা আছে, সার ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা থাকা ব্যক্তিরাই ডিলার নিয়োগে অগ্রাধিকার পাবেন। তবে লক্ষ্মীপুরে দেখা গেছে ঠিক তার উল্টো চিত্র; নতুন নিয়োগ পাওয়া অনেকেরই এ ব্যবসার ‘ব’-ও জানা নেই।

যেমন, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে ডিলারশিপ পেয়েছে যুবদল সভাপতি জাকের হোসেনের প্রতিষ্ঠান, যা আদতে রড, সিমেন্ট আর নারকেলের ব্যবসা করে।

কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়ন যুবদলের নেতা তারিক রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যাদের মনোনীত করা হয়েছে, তাদের না আছে সার বেচার অভিজ্ঞতা, না আছে কোনো গুদাম। ফলে প্রকৃত ব্যবসায়ীরা কেবল আফসোসই করে গেলেন।’

অবশ্য কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিনের যুক্তি বেশ সরল, ‘আমি আগে কখনো সার ব্যবসা করিনি ঠিকই, কিন্তু নতুন কোনো ব্যবসা শুরু করতে দোষ কোথায়?’

একইভাবে রামগঞ্জ পৌরসভার ডিলারশিপ বাগিয়েছেন রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ। নোয়াগাঁও ইউনিয়নে পেয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল পাটোয়ারী। তালিকায় নাম উঠেছে করপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব এবং ভোলাকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদেরও।

 

চন্দ্রগঞ্জ বাজারের বহু বছরের পুরোনো সার ব্যবসায়ী মোহাম্মদ শোভন বাদ পড়ে হতাশার সুরে বলেন, ‘আমার নাম কেন বাদ পড়ল জানি না। হয়তো বিএনপির রাজনীতি করলে আজও ডিলারশিপটা আমার হাতেই থাকত।’

চর লরেন্স ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দীর্ঘদিনের ডিলার জসিম উদ্দিনও একইভাবে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘সব যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমাকে বাদ দেওয়া হলো, তার কোনো উত্তর আমার জানা নেই।’

নওগাঁতেও রাজনীতির দাপট

নওগাঁর ৯৯টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার প্রতিটিতেই ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। তবে নতুনদের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর আলোচনা-সমালোচনা।

বদলগাছী উপজেলায় ডিলারশিপ পেয়েছেন উপজেলা যুবদল সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন (বদলগাছী ইউনিয়ন) এবং স্থানীয় বিএনপির সাবেক সহসভাপতি মো. বাবুল হোসেন (পাহাড়পুর ইউনিয়ন)। এ ছাড়া ইউনিয়ন যুবদল সভাপতি এম এম হাসান মণ্ডল (মথুরাপুর), উপজেলা কৃষক দলের সহসভাপতি মো. মেহেদী হাসান (মিঠাপুর) এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জামিল হোসেন ডিলার তালিকায় জায়গা করে নিয়েছেন। জামিল হোসেন এলাকায় মাছের আড়তদার ও ডেন্টাল প্র্যাকটিশনার হিসেবেই বেশি পরিচিত।

আধাইপুর ও বালুভরা ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন যথাক্রমে ইউনিয়ন যুবদলের দুই সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম ও মো. সালাম হোসেন। তবে রবিউল ইসলামের দাবি, তিনি কোনো প্রভাব না খাটিয়ে শতভাগ নিয়ম মেনেই ডিলারশিপ পেয়েছেন।

যাচাই-বাছাই কমিটির সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, কাগজপত্র যাচাইয়ের সময় প্রার্থীদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি তাদের জানা ছিল না।

 

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, ‘যাচাই শেষ করার পর লটারির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে তিনটি করে নাম চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।’

পত্নীতলা উপজেলায় কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন-অর-রশিদ মণ্ডল (আকবরপুর), স্থানীয় কৃষক দল সভাপতি মো. ইমরান হোসেন (পত্নীতলা), ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (দিবর) এবং ইউনিয়ন বিএনপি নেতা ফজলুর রহমানের বড় ভাই নজরুল ইসলাম ডিলারশিপ পেয়েছেন। এ ছাড়া মাধাইল ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপি আহ্বায়কের ছেলে মো. তারেক আজিজ এবং পাটিচড়ায় পেয়েছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মতিবুল ইসলাম।

নিয়ামতপুর উপজেলার তালিকায় সরাসরি ঠাঁই পেয়েছে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের ভাই, ভাগ্নে ও ভাগ্নিজামাইয়ের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান।

অন্যান্যের মধ্যে ডিলারশিপ পেয়েছেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে সৈকত রায়হান, পারইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাসুদ রানা এবং রসুলপুর ইউনিয়ন যুবদল সদস্য আহসানুল হক।

ভাবিচা ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে ইশতেকিয়ার শুভ এবং চন্দননগর ইউনিয়ন বিএনপি সভাপতির স্ত্রী নাজমুন নাহার বেগমও বাদ যাননি।

সংসদ সদস্যের চাচাতো ভাই ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনজুম পিন্টুর বাবা আবুল হোসেন সোনার ডিলারশিপ পেয়েছেন সদরে। তালিকায় রয়েছে হাজীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুনের প্রতিষ্ঠানও।

তবে এই পুরো দলীয় বলয়ের মধ্যেও শ্রীমন্তপুর ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেত্রী জান্নাতুন হাওয়া।

ঝিনাইদহ বিএনপিতে গৃহদাহ

সরকারি নীতিমালায় পরিষ্কার বলা আছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কিংবা সরকারি কর্মকর্তাদের নিকটাত্মীয়রা সারের ডিলার হতে পারবেন না। অথচ সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হরিণাকুণ্ডুর সালেহা বেগম মহিলা কলেজের এমপিওভুক্ত শিক্ষক আনিছুরের স্ত্রী আনোয়ারা নাসরিনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তার নিজের মেয়ে সরকারি কর্মকর্তা, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চাঁদপুর ইউনিয়নে নীতিমালা ডিঙিয়ে জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের বড় ভাই আব্দুল লতিফকে যাচাই-বাছাই তালিকার ১, ২ ও ৩ নম্বর স্থানে রেখে ডিলারশিপ দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

 

নিয়োগ পেয়েছেন মহেশপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতির ভাই এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনার ভগ্নিপতি এহসান রেজাও।

কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে ডিলার হয়েছেন জেলা বিএনপি সভাপতির ভায়রার স্ত্রী সুরমা হাসান। আর শিমলা-রোকনপুরে ডিলারশিপ পেয়েছেন জেলা বিএনপি সভাপতির চাচাতো ভাইয়ের ভগ্নিপতি নাজমুল হক মিশু।

এসব স্বজনপ্রীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবীর হোসেন উদ্দিন বিশ্বাস বলেন, ‘উপজেলা বিএনপির সভাপতি নিজেই আমার কাছ থেকে পাঁচজন প্রার্থীর রাজনৈতিক পরিচয় জানতে চেয়েছিলেন। আমি একদম সঠিক তথ্য দিয়েছিলাম। কিন্তু দিনশেষে ওপর তলা থেকে সব নিয়ন্ত্রণ করায় দলের ত্যাগী ও আসল ব্যবসায়ীরা একবুক হতাশা নিয়ে বঞ্চিত হলেন।’

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন জামালপুর থেকে সাইমুম সাব্বির শোভন, নওগাঁ থেকে রিফাত হোসেন সবুজ, লক্ষ্মীপুর থেকে আব্বাস হোসেন এবং ঝিনাইদহ থেকে শাহজাহান নবীন)