Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকে তালা ঝুলিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের ‘গুলির হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার (‎১০ নভেম্বরের) ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

‎‎বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জনের একটি দল বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে আসে। পরে তারা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয় বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম বলেন, ‘গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে ৮-১০ জন এসে হঠাৎ করে ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানাই।’

 

তখন পুলিশ টহলে ছিল জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ ডেইরি গেট থেকে প্রধান ফটক হয়ে প্রান্তিক গেটের দিকে যাওয়ার পথে মাত্র এক মিনিটের মধ্যে তারা এ ঘটনা ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।’

‎‎তিনি আরও বলেন, ঘটনার পরপরই সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। টহল জোরদার করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।