গত ৬ নভেম্বর অনলাইনে কিছু কথোপকথনের অডিও প্রচার করে দাবি করা হয় অডিওগুলো কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ৬ নভেম্বর এক ফেসবুক পোস্টে লিখেন, “কুষ্টিয়া-৩ আসনের জামায়াত এমপি আমির হামজার নারী ঘটিত কিছু ভিডিও ও অডিও আমার কাছে এসেছে। আমি সেগুলো ফ্যাক্ট চেকিং করে তথ্যের সত্যতা পেয়েছি। নীচে আমির হামজার কথোপকথনের যৎসামান্য দেওয়া হলো। এছাড়া কমেন্ট বক্সে অডিও লিংক যুক্ত করা হয়েছে।”
ফাঁস হওয়া বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে (আমির হামজার কণ্ঠ) ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়। কথোপকথনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।”
অডিওতে বলতে শোনা যায়, “একদম হুলুস্থুল করে ফেললো বিষয়টা, বিষয়টা একটু ঘুলিয়ে পাকিয়ে গেলো। আমি আপনাদেরকে এত ক্ষমা চাওয়া, মাফ চাওয়ার পরেও আপনারা বললেন যে কন্ট্রোলে আছে, কিছু হবে না আমার দ্বারা, আপনার কোনো ক্ষতি হবে না। এই যে এখন কি, কোন জায়গায় যেয়ে ঠেকবে ঠিক নাই।...আপনাদের ওপর আমার কোনো রাগ ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।”
আমির হামজার নামে প্রচারিত অডিওগুলো আসল কিনা জানতে চেয়ে অনেকে দ্য ডিসেন্টের সাথে যোগাযোগ করেছেন। তবে অডিওগুলোর সত্যতা যাচাইয়ের জন্য প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি প্রাসঙ্গিক বিভিন্ন প্রমাণ সংগ্রহ প্রয়োজন। এজন্য আমির হামজা ও তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির সাথে যোগাযোগের চেষ্টা করে দ্য ডিসেন্ট। কিন্তু নানাভাবে চেষ্টা করেও গত কয়েকদিনে আমির হামজার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কল দিলে তিনি রিসিভ করেনি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ‘সিন’ করেও জবাব দেননি। এক্ষেত্রে তার ঘনিষ্ঠদেরও সহযোগিতা পাওয়া যায়নি।
ফলে আমির হামজার নামে প্রচারিত এই কথোপকথন কার সাথে কী প্রেক্ষাপটে হয়েছে তা সম্পর্কে কিছু জানা যায়নি।
এই প্রেক্ষাপটে শুক্রবার (৬ নভেম্বর) বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় এক ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজা বলেন, “আমি মুসাফির অবস্থায় কুরআন সামনে নিয়ে আল্লাহর কসম এই বগুড়ার মাটিতে বদদোয়া দিয়ে গেলাম, আমাদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, একটা অক্ষরের সাথে আমাদের সম্পর্ক নেই। আলেমদের পিছনে, যারা হক কথা বলতে চায় তাদেরকে দিয়ে ভারত এটা করিয়েছে। করাচ্ছে তাদেরকে দিয়ে যারা চাটাচাটি করে। ওরা আজ আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওদের যদি মোবাইল চেক করে দেখবেন সব নাউজুবিল্লাহ, আস্তাফফিরুল্লাহ। চাটাচাটি করে যদি এই পদ না পেতো আমার মনে হয় রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগতো। ওরতো রাস্তা ঝাড়ু দেওয়ার যোগ্যতাও নেই, আছে? কী যোগ্যতা আছে যে রাস্তা ঝাড়ু দিতে নিবে মানুষ? অথচ আজ সে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী...ও তো মিথ্যা ছাড়া সত্য বলতে পারেনা।”
আমির হামজার এই বক্তব্যের রেফারেন্স টেনে ফেসবুকে এবং কিছু অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে লেখা হয়েছে, “নারীঘটিত কথোপকথনের অডিও-ভিডিও এআই দিয়ে তৈরি: আমির হামজা।”
এসব প্রতিবেদনে বলা হয়েছে, “নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিওকে এআই প্রযুক্তির দাবি করেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। এর ব্যাখ্যা দিতে গিয়ে জামায়াতে ইসলামীর মরহুম নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ তোলেন তিনি।”
দেখুন বার্তা বাজার, ডেইলি বাংলা পোস্ট।
তবে যাচাই করে দেখা যায়, আমির হামজা বগুড়ায় মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তার নামে প্রচারিত অডিওগুলোকে সরাসরি ‘এআই সম্পাদিত’ বলেননি। তিনি বলেছেন, “আমাদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, একটা অক্ষরের সাথে আমাদের সম্পর্ক নেই।”
অনলাইনে জামায়াত সমর্থক কিছু অ্যাকাউন্ট থেকেও দাবি করা হচ্ছে, আমির হামজার নামে ছড়ানো অডিওগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে।
দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
তবে দ্য ডিসেন্ট একাধিক অনলাইন টুলে অডিওগুলো পরীক্ষা করে সেগুলোতে এআই প্রযুক্তি ব্যবহারের প্রমাণ পায়নি।
চার দিনে রাশেদ খাঁনকে নিয়ে অন্তত ১১৮টি নেতিবাচক ভিডিও প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ৬ নভেম্বর এক ফেসবুক পোস্টে একটি অডিও ফাঁস করে এটি আমির হামজার ‘নারীঘটিত’ অডিও বলে দাবি করেন।
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খানকে লক্ষ করে নানা অসত্য, আক্রমণমূলক সংঘবদ্ধ ক্যাম্পেইন করছে জামায়াত শিবির সমর্থিত অ্যাকাউন্টগুলো থেকে। দ্য ডিসেন্ট ‘রাশেদ খাঁন’, ‘আমির হামজা’ এবং রাশেদ খাঁনকে ঘিরে ব্যবহৃত কিছু বিকৃত শব্দ সার্চ করে গত চার দিনে অন্তত ১১৮টি ভিডিও প্রকাশ হতে দেখেছে। এসব ভিডিওতে রাশেদ খাঁনকে বিকৃত নামে সম্বোধন, ধর্মবিরোধী আখ্যা দেওয়া, রাশেদ খাঁন ও তার পরিবারকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ, রাশেদ খাঁনের নামে এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি, ভুয়া অডিও প্রচার করা হয়েছে।
জামায়াত শিবিরের পক্ষে ফেসবুকে নিয়মিত কনটেন্ট তৈরি করেন M Atikur Rahman নামে একজন।
তিনি গত তিন দিনে রাশেদ খাঁনকে নিয়ে ছয়টি ভিডিও তৈরি করেছেন। তিনি ভিডিওতে রাশেদ খাঁনকে ‘বেজন্মা, কুলাঙ্গারের বাচ্ছা’, ‘চা*টা রাশেদ’, ‘ইসলামবিরোধী’, ‘জানোয়ার’, ‘অবৈধ জন্ম’, বলে অভিহিত করেছেন।
দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
আরেকটি অ্যাকাউন্ট Farukuzzaman Farukuzzaman। ৪ লক্ষ ৬০ হাজার ফলোয়ারযুক্ত পেজটি থেকে গত ৩ দিনে রাশেদ খানকে নিয়ে ৭টি ভিডিও প্রচার করেন।
একটি ভিডিওতে তিনি সংবাদমাধ্যম আরটিভির নামে একটা ভুয়া ফটোকার্ড শেয়ার করে দাবি করেন, রাশেদ খাঁন আম জনতা দলের তারেকের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে ধরা খেয়ে পালিয়ে গিয়েছেন। ভিডিওতে তিনি অশ্লীল ভাষায় রাশেদকে আক্রমণ করেন।
অন্যান্য ভিডিওগুলোতে তিনি রাশেদ খানকে ‘কানা রাশেদ’, চাঁটা রাশেদ বলে সম্বোধন করেন।
এছাড়াও তিনি রাশেদ খানের ছবিকে সম্পাদনা করে কুকুরের আকৃতি দিয়ে অনলাইনে প্রকাশ করেছেন।
দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
Abu Yousu নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে সংবাদমাধ্যম বাংলা ভিশনের নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে বলা হয়েছে, “সজীব ওয়াজেদ জয়ের সাথে রাশেদ খানের যোগাযোগ রয়েছে। এটা ভারতীয় পএিকায় খবর প্রকাশ হয়েছে। রাশেদ খাঁন একজন র এর গুপ্তচর”
Alomgir pulse+ নামে এক মিলিয়নের বেশি ফলোয়ারযুক্ত একটি পেজ থেকে একটি এআই জেনারেটেড অডিও প্রচার করে দাবি করা হয়েছে, “এবার রাশেদ খাঁন নিজেই ফেসে গেছে। তার একটা অডিও কল ফাঁস হয়েছে। সেখানে সে নিজেই স্বীকার করতেছে যে আমির হামজার যে কল রেকর্ড সেগুলো সে নিজেই বানোয়াট ভাবে বানিয়ে প্রচার করতেছে।“
রাশেদ খানের নামে ভুয়া অডিওতে শোনা যায়, “স্যার আমির হামজার ভুয়া কলটা ভাইরাল করার জন্য একবারও ধন্যবাদ দিলেন না। আমার একাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসএপ এ। যা কথা ছিলো সেই পরিমান টাকাই কিন্তু দিতে হবে।“
ভিন্ন ঘটনার একটি ভিডিও ছড়িয়ে মিজান উদ্দিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে রাশেদ খাঁন একজন মেয়ের সাথে ধরা খেয়েছেন। ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, “তোমার সাথে রাত কাটাইছি, তোমাকে টাকা কম দিয়েছি, তোমার কী খারাপ লাগছে। সে আমাকে বলছে এক রাত থেকে হয়নি, তোমার সাথে আরেক রাত কাটাতে চাই।“
এই অ্যাকাউন্ট থেকে গত ২ দিনে রাশেদ খানের বিরুদ্ধে ৯টি ভিডিও প্রচার করা হয়। ভিডিওগুলোতে রাশেদ খানের কণ্ঠ নকল করে ভুয়া অডিও, রাশেদ খাঁন আম জনতা দলের তারেকের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে ধরা খাওয়া, রাশেদ খানের বাবা ৪ জন বলে আমির হামজার নামে ভুয়া ফটোকার্ড, একজন নারীর সাথে রাশেদ খানের ঘনিষ্ঠ হওয়ার ভুয়া ছবি ইত্যাদি ভুয়া খবর প্রচার করা হয়।
দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
আমির হামজার ভুয়া অডিও প্রচার করে টাকা দাবি করা বলে রাশেদ খানের নামে ভুয়া অডিও প্রচার করেছে Md Nur Mohammad নামের অ্যাকাউন্ট থেকেও।
MD Anwar Hossen নামের একটি অ্যাকাউন্ট থেকে ভুয়া ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, রাশেদ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
Raju vai 2.0 নামের আরেকটি আইডি থেকে ভিন্ন নারীর কণ্ঠ প্রচার করে দাবি করা হয়েছে এবার রাশেদ খানের লিঙ্ক ভাইরাল হয়েছে।
এআই দিয়ে রাশেদ খানের সাথে অন্য নারীর ছবি যোগ করে অন্য নারীর সাথে ধরা খাওয়ার ভিডিও প্রচার করেছেন রুবেল ভাই ০২ নামের আরেকটি অ্যাকাউন্ট।
রিউমর স্ক্যানারের যাচাই এ দেখা যায়, রাশেদ খাঁনকে পরকীয়ার অভিযোগে আটকের দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে রাশেদ খাঁনের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগের ঘটনার পুরোনো ছবির দৃশ্য ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় একজন নারীর উপস্থিতি যুক্ত করা হয়েছে। এই সম্পাদিত ছবিকে সাম্প্রতিক সময়ে রাশেদ খাঁনকে বান্ধবীসহ আটকের ছবি দাবি করে প্রচার করা হচ্ছে।
আরেকটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, রাশেদ খাঁন বলেছেন, “জিয়াউর রহমানের নির্দেশে ৪ নেতাকে হত্যা করা হয়েছিল”।
দ্য ডিসেন্টের যাচাই এ দেখা যায়, প্রচারিত ভিডিওতে চার নেতা হত্যায় জিয়াউর রহমানকে দায়ী করার বক্তব্যটি রাশেদ খাঁনের নিজস্ব অবস্থান নয়। বরং তিনি এটিকে আওয়ামী লীগের প্রচারিত বয়ান হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ, দাবিটি তার বক্তব্যের বিকৃত উপস্থাপন।
প্রবাসী "probashi"0.2 নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে আরটিভির ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয়েছে রাশেদ খাঁন ‘আম তারেকের’ বউয়ের সাথে ধরা খেয়েছেন।
Mohammod alom.0 নামে একটা অ্যাকাউন্ট থেকে ভিডিও দিয়ে বলা হয়, “আজকে দেখলাম তেল চাঁটা রাশেদ, যাকে আপনারা চাঁটা রাশেদ নামে চিনেন, সে মুফতি আমির হামজা হুজুরের ভয়েস বানাইসে এআই দিয়ে, কারন মুফতি আমির হামজা এদের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছে।“
Comedy Bazzar নামে আরেকটি পেজ থেকে ওয়াজের ঢঙে রাশেদ খাঁনকে উদ্দেশ্য করে ‘চাঁটা রাশেদ’ সহ আপত্তিকর শব্দে বক্তব্য দেওয়া হয়।