Image description

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টির বেশি বাসে আগুনে পোড়ানো হয়েছে। বাসে দেওয়া আগুনে ফরিদপুরে প্রাণ গেছে ঘুমন্ত এক চালকের। নেত্রকোনায় আগুন দেওয়া হয়েছে ট্রেনে। গোপালগঞ্জে আক্রান্ত হয়েছে পুলিশ।

গতকাল সোমবার রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। এটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে যায় চারপাশ।

ঢাকা বিশ্ববিদ্যায় (ঢাবি) ক্যাম্পাসে বিশৃঙ্খলা শুরু হয় আরও একদিন আগে থেকেই। গত রবিবার ঢাবির অন্তত ছয় জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর গতকাল সোমবার দ্বিতীয় দিনেও ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনা। ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জনকে আটক করে শাহবাগ থানা পুলিশে দেন ছাত্রদল নেতাকর্মীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। আটক রেজওয়ান আহমেদ জবির মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছে শাখা ছাত্রদল।

চবির ক্লাস-পরীক্ষা বন্ধের হুমকি দিয়ে শাটলে হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস-পরীক্ষা স্থগিত এবং বাস ও শাটল ট্রেন বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার। মঙ্গলবার সংগঠনটির ঘোষিত ছাত্র ধর্মঘট সফল করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেনকে ফোনে তিনি এ হুমকি দেন। তবে প্রশাসনের পক্ষ থেকে ক্লাস-পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

এর মধ্যেই মঙ্গলবার ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী দুটি শাটল ট্রেনের চারটি বগির হোসপাইপ কেটে দেওয়ার ঘটনা ঘটে। এতে মেরামত শেষে দুটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে যায়। এর আগে সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের দেওয়ানহাট রেলওয়ের জংশন কেবিনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সাত জেলায় বাস-ট্রেনে আগুন

রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলায় বাস ও ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে রাত থেকে। ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পরে মারা যান।

ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আগুন দেওয়া হয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচান শেখ। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকার ধামরাইয়ে চার দিনের ব্যবধানে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ সোমবার মধ্যরাতে ধামরাই ভূমি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া মনিপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কারখানার শ্রমিক পরিবহনের একটি বাসে মঙ্গলবার ভোরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বিআরটিসির একটি বাসে সোমবার রাতে আগুন দেওয়া হয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় বাস দুটিতে কোনো চালক বা সহকারী ছিলেন না।

ঢাকার সাভারে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় এসব ঘটনা ঘটে।

বরগুনা পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বাসটির কিছু অংশ পুড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এ ছাড়া নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আজ মঙ্গলবার সকালে আগুন দেওয়া হয়। আগুনে বগিটির চারটি আসন ক্ষতিগ্রস্ত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলে ট্রেনটি নির্ধারিত সময়েই যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সতর্ক অবস্থানে পুলিশ

নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ও এর সহযোগী সংগঠনের সদস্য রয়েছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেছেন, ঘটনাগুলো পর্যালোচনা করে মনে হচ্ছে, একটি গ্রুপ নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। এসব বিষয় মনিটরিং করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কারা নাশকতার উদ্দেশ্যে দাহ্য পদার্থ সংগ্রহ করছে, তা শনাক্তে ডিএমপির কার্যক্রম চলছে।

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষে সভাপতি সাদ্দাম হোসেন গত ৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেন।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনার নামে মামলা প্রত্যাহারসহ আট দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি সফল করতে সংগঠনটির নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান সাদ্দাম।

তবে সাদ্দামসহ সংগঠনটির শীর্ষ নেতাকর্মীদের কেউই বর্তমানে দেশে নেই। তারা প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন। সেখান থেকেই ধর্মঘটের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে শীর্ষ নেতাদের রাজপথ দখলে রাখার নির্দেশনার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে।