ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা গভীর রাতে ঝটিকা মিছিল, মহাসড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সোমবার (৯ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার লালন শাহ সেতু মোড় এলাকায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ছাত্রলীগের একদল নেতাকর্মী আকস্মিকভাবে লালন শাহ সেতু মোড়সংলগ্ন মহাসড়কে জড়ো হন। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা সাবেক ভূমিমন্ত্রী মরহুম শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শিরহান শরীফ তমালসহ স্থানীয় শীর্ষ নেতাদের সমর্থনে স্লোগান দেন।
এদিকে, পাবনা জেলা ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও বিক্ষোভের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে সংগঠনটির নেতাকর্মীদের বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে এবং তাদের আহ্বান করা ধর্মঘট সফল করার প্রচারণা চালাতে দেখা যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলেও ততক্ষণে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে পড়েন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
ওহিদুল ইসলাম সোহেল
ঈশ্বরদী (পাবনা)