ভারতের মেঘালয় হয়ে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ঢুকে দলীয় সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) রনজিত সরকার। গতকাল রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এই সভা করেন বলে জানা গেছে। তবে সভাস্থল নিয়ে ধোঁয়াশা দেখা গেছে সিলেট ও সুনামগঞ্জ প্রশাসনের মধ্যে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে ওই সভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও ফুটেজ আপলোড করেন রনজিত সরকার। তবে নিজেই জানিয়েছেন, সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে তিনি ভারতে ফিরে গেছেন।
রণজিত সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। তিনি সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ছাত্র-জনতা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা-বিষয়ক মতবিনিময় সভার অতিথি ছিলেন তিনি।
জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর আয়োজন করে। এতে তার নির্বাচনী এলাকার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মীকে দেখা গেছে।
অনুষ্ঠানের ছড়িয়ে পড়া ৫ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, সভাস্থলে একটি স্টেজের ওপর শামিয়ানা টাঙানো ছিল। রনজিত সরকার বক্তৃতা করার আগে পেছনে একটি ব্যানার ধরে দাঁড়ান দুজন। তাদের একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জামালগঞ্জ উপজেলা নেতা ওমর ফারুক, আরেকজন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া।
ভিডিও দেখে সভায় উপস্থিত একাধিক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কেউ সভার স্থান পরিষ্কারভাবে বলতে চাননি। তবে রোববার সন্ধ্যায় তারা সভায় করেন বলে নিশ্চিত করেছেন।
সভার বিষয়ে জানতে রনজিত সরকারের ফেসবুক-ম্যাসেঞ্জারে একাধিকবার কল দেওয়ার পর রিসিভ করেন তিনি বলেন, ‘কোনো তথ্য জানাতে পারব না। সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’ কোথায় সভা করলেন, এই বিষয়ে জানতে চাইলে কল কেটে দিন তিনি।
ব্যানার ধরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ওমর ফারুক বললেন, ‘সভাটি রোববার সন্ধ্যায় করা হয়েছে।’ কোথায় কোন সময় করা হলো- জানতে চাইলে ফারুক ফোন কেটে দেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন বললেন, ‘সুনামগঞ্জের সীমান্ত এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় আছে। ওখান দিয়ে রনজিত সরকার ঢোকার কোনো সুযোগ নেই। রনজিতের নির্বাচনী এলাকার যেসব লোককে ওখানে ভিডিওতে দেখা গেছে, তাদের সিলেট সীমান্তের কোনো একটা জায়গায় জড়ো করে এই কাজ করেছে।’
সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক দাবি করেন, ‘রনজিত সরকারের সভাটি সিলেটের সীমান্তে হয়নি। সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো স্থানে হয়েছে। উপস্থিত লোকজনও সুনামগঞ্জের ছিল।’
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বললেন, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় নানাভাবে খোঁজ খবর নিয়ে জানা গেছে, এ ধরনের কোনো সভা এই সীমান্তে হয়নি।