রক্তস্নাত জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এবং পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আসছে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসাবে তিনি সোমবার (৯ নভেম্বর) এ আবেদন করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি কৃষ্ণা এন. দাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে এই আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাৎক্ষণিকভাবে বলেছেন, শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন করে এগুলো দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
চিঠিটি ই-মেইলে পাওয়ার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। দিল্লির প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান যুগান্তরকে বলেন, শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পেয়েছে বাংলাদেশ হাইকমিশন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে ই-মেইলটি পাঠানো হয়েছে। বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে হাইকমিশন।
সাইদুর রহমান আরও বলেন, তবে এটি নিশ্চিত হওয়া যায়নি যে, এই আবেদন শেখ হাসিনার পক্ষ থেকেই এসেছে এবং ম্যাটিক্স চেম্বার্স শেখ হাসিনার অথোরাইজড করা কোনো প্রতিষ্ঠান।
এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের খবর টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। বিশেষ করে গত বেশ কয়েকদিন ধরে ডিসেম্বরে হাসিনা দেশে আসছেন এমন গুঞ্জন থাকায় বিষয়টি আলোচনায় নতুন মাত্রা পেয়েছে। তবে সরকারের দিক থেকে ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে যে, একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী হিসাবে হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তাকে কোনোভাবেই নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না।
হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের জন্য আবেদনের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ
ব্রিফিংয়ে তিনি বলেন, আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি যে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এর সত্যতা এখনো যাচাই করতে পারিনি। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। আবেদনের আইনগত ভিত্তি আছে কি না, এটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং শেখ হাসিনার আবেদন করার অধিকার আছে কি না এসব বিষয় যাচাই করে পররাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেন, সেই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী ফেরত পাঠানো হয়।
এই সময় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইন অনুযায়ী এসব ঘটনায় ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করছে।
হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। তিনি একজন সন্ত্রাসী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনার নতুন পাসপোর্ট নবায়নের আবেদন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না। তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। শুধু অর্থের জন্য কোনো লবিস্ট তার হয়ে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার ঘটনা ‘লজ্জাহীন’ : রুহুল কবির রিজভী
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার প্রেস ক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার পাশাপাশি বিদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন চাইছেন। একজন মানুষের কোনো ধরনের ন্যূনতম লজ্জা না থাকলে এসব কাজ করতে পারেন।
রুহুল কবির রিজভী প্রশ্ন করেন, ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে হত্যার পরেও পর শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে এসে জনসংবর্ধনা পাওয়ার আশা করতে পারেন।
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্টান্টবাজি : চিফ প্রসিকিউটর
এদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্টান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তিনি (শেখ হাসিনা) কখনো ফিরে আসবেন না। ফিরে আসার জন্য তার যে আইনগত প্রক্রিয়া, সেভাবে তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি মানুষকে বিভ্রান্ত করছেন।