কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজাকে আর তার নির্বাচনী এলাকায় দেখা যাচ্ছে না। সাংবাদিকদের ফোনও ধরছেন না তিনি। এমনকি তার বাড়িতে গিয়েও অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না।
কথিত একটি অডিও রেকর্ডিং ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি ‘নিখোঁজ’ আছেন বলে মনে করা হচ্ছে।
স্থানীয়রা জানান, গত ৩১ অক্টোবর কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশের পর থেকে জনসমক্ষে দেখা যায়নি আমির হামজাকে।
গত ৫ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান দাবি করেন, আমির হামজাকে নিয়ে নারী সংশ্লিষ্ট কিছু ভিডিও ও অডিও তার হাতে এসেছে। সেগুলো যাচাই-বাছাই করে তিনি তথ্যের সত্যতা পেয়েছেন।
পরে সেই পোস্টের মন্তব্যের ঘরে একটি অডিও রেকর্ডিং যুক্ত করে তিনি লেখেন, ‘দেখা যাক, আমির হামজার বিরুদ্ধে জামায়াত এখন কী ব্যবস্থা নেয়।’
কুষ্টিয়ার সাংবাদিক মেলন উল্লাহ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘এরপর থেকে আমি কয়েকবার আমির হামজার ফোনে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু ফোন বন্ধ পেয়েছি। পরে তার বাড়িতে গিয়েও খোঁজ নিয়েছি। সেখানে জানানো হয়েছে, তিনি বাড়িতে নেই। জেলা জামায়াতের এক নেতার সঙ্গেও কথা বলেছি। তিনিও জানিয়েছেন, এই সংসদ সদস্য তাদের ফোনও ধরছেন না।’
টাইমসও আমির হামজার মুঠোফোন বন্ধ পেয়েছে। তার হোয়াটসঅ্যাপ নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে তার ব্যক্তিগত সহকারী মো. মোমিন বিশ্বাস বলেন, ‘এমপি এখন ঢাকায় আছেন। আগামীকাল সংসদ অধিবেশন রয়েছে।’
সাংবাদিকেরা যোগাযোগ করতে না পারলেও আমির হামজা দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছেন বলে দাবি করেন তার ব্যক্তিগত সহকারী। তিনি বলেন, ‘গত শনিবারও তিনি ময়মনসিংহে ছিলেন। এর আগের দিন ছিলেন সিরাজগঞ্জে। তার আগে দিনাজপুর ও বগুড়াসহ বিভিন্ন জেলায় মাহফিলে অংশ নিয়েছেন।’
অবশ্য এসব ওয়াজ মাহফিলে তার অংশ নেওয়ার পরই রাশেদ খানের ফেসবুক পোস্টটি প্রকাশিত হয়।
কুষ্টিয়া সদর আসনের বাসিন্দা মাইনুল ইসলাম বলেন, ‘অন্য এমপিদের তুলনায় আমাদের এমপিকে সহজে পাওয়া যায় না। সাধারণ মানুষ হিসেবে তার সঙ্গে যোগাযোগ করা কিংবা সরাসরি দেখা করাও কঠিন। ফলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ চাহিদা ও সমস্যার কথা তার কাছে তুলে ধরতে পারি না।’
নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে সমালোচনার মুখে পড়েছেন আমির হামজা। একবার নিজেকে কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী বলেও দাবি করেছিলেন তিনি। আরেকবার কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়ে তাকে ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেন।
সংসদে দেওয়া বক্তব্যে কুষ্টিয়া চিনিকল বন্ধ করে এর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবি জানান আমির হামজা। অন্যদিকে, একই এলাকার এক সমাবেশে চিনিকল পুনরায় চালুর দাবিতে জোরালো বক্তব্য দেন তিনি।
নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদের বিবরণী নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কুষ্টিয়ার সদর উপজেলার পশ্চিম আব্দালপুরের সিরাজুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেছেন। আবেদনে আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে সম্পদের বিবরণীতে অসংগতি থাকার অভিযোগ তুলে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া দলীয় কর্মী ছাড়া অন্য কারও ফোন আমির হামজা ধরেন না বলেও অভিযোগ রয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি এনামুল হক দাবি করেন, আমির হামজার মনোনয়ন ঘোষণার পর থেকেই তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ শুরু হয়েছে। এ কারণে অন্য নেতাদের তুলনায় তাকে বেশি সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
রাশেদ খানের তোলা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে বক্তব্য বিকৃত করা কিংবা বিভিন্ন ধরনের বিষয়বস্তু তৈরি করে ছড়িয়ে দেওয়া সম্ভব।’