Image description

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের খাঁড়া নিয়ে ভারতে থাকা শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স খবর দিয়েছে।

এখন বাংলাদেশ সরকারের অবস্থান কী, সেই প্রশ্ন আসছে সামনে। এই প্রশ্নের উত্তর পেতে রয়টার্স যোগাযোগ করেছিল দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ঢাকায় প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্রদের সঙ্গে; তবে কোনো সাড়া মেলেনি।

আজ সোমবার খবরটি প্রকাশের পর তাৎক্ষণিকভাবে ঢাকায় সরকারের কর্তাব্যক্তিদের কারো কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

সকালে পররাষ্ট্র সচিব সালাউদ্দিন নোমান চৌধুরী এক সংবাদ সম্মেলনে এলে তাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তবে তিনি এনিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ফেরত চাওয়ার কথা অবশ্য সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে।

সেই বক্তব্যগুলো থেকে ধারণা পাওয়া যাচ্ছে, শেখ হাসিনাকে সাধারণ নাগরিকের মতো দেশে ফিরতে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই। বরং সরকার চাইছে, দণ্ডিত আসামি হিসেবে বাংলাদেশ-ভারত বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাক দিল্লি।

শেখ হাসিনাকে ফেরত পাওয়া নিয়ে গত কয়েক মাসে সরকারের মন্ত্রী, উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যে এই অবস্থান স্পষ্ট হয়। কী বলেছিলেন তারা, জেনে নেওয়া যাক।

সালাহউদ্দিন আহমদ

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ২৪ মে বলেছিলেন, ‘শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আমরা ভারত সরকারকে একাধিকবার চিঠি দিয়েছি। আমরা তাকে বিচারের মুখোমুখি করতে চাই।’

স্বরাষ্ট্রমন্ত্রী এরপরও একাধিকবার বলেছেন, ন্যায়বিচারের স্বার্থে দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত চায় সরকার।

শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গত ৯ জুলাই বলেছিলেন, শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল। নতুন সরকার গঠনের পর সেটি আবার সচল হয়েছে।

কূটনৈতিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত পেতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র দুই মন্ত্রণালয়ই কাজ করছে করছে বলে জানিয়েছিলেন তিনি।

তার বক্তব্য ছিল, বন্দি প্রত্যর্পণ চুক্তি ও প্রচলিত নিয়ম মেনেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এরপর ১৬ জুলাই শামা ওবায়েদ আবার বলেছিলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ সরকার একাধিকবার চিঠি দিয়েছে এবং ভারতকে সেগুলোর জবাব দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

শেখ হাসিনা। ফাইল ছবি: রয়টার্সজাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান একাধিকবার বলেছেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে চায়।

তিনি গত ১৪ জুলাই বলেছিলেন, ‘আমরা তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তিনি ফিরলে আমরা তাকে স্বাগত জানাব, কারণ আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।’

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেছিলেন তিনি।

গত ৮ সেপ্টেম্বর জাহেদ উর রহমান বলেছিলেন, সরকার শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার অপেক্ষায় না থেকে তাকে ধরে আনতে চায়।

‘আমরা প্রায়ই বলছি, শেখ হাসিনা, আপনি আসবেন না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।’

তিনি আরো বলেছিলেন, ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিতে পারে।

গত ১৫ সেপ্টেম্বর জাহেদ উর রহমান বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সহজ করতে চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারে নয়া দিল্রি।

এরপর গত ২৯ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টিকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিষয়। এক্ষেত্রে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই।

হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গত ৫ নভেম্বর শেখ হাসিনাকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস না দেওয়ার কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছিলেন, ‘সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে এসেছে যে তাকে পাসপোর্ট দিতে হবে? পালিয়ে যাওয়া এই টেরোরিস্ট, যে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাকে আমরা কোনোভাবেই একজন সাধারণ কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখতে পারি না।’

শেখ হাসিনাকে দণ্ডিত আসামি হিসেবে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চাওয়ার কথা জানিয়ে হুমায়ুন কবির বলেছিলেন, ‘আমরা তার হ্যান্ডওভার চাই। বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, সেই অনুযায়ী এই ক্রিমিনালকে হ্যান্ডিং ওভার করতে হবে।’

আসাদুজ্জামান

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও ৮ নভেম্বর সাংবাদিকদের প্রশ্নে এ নিয়ে কথা বলেন।

তিনি বলেছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে নয়া দিল্লিকে অনুরোধ করেছেন তারা। তারা হস্তান্তর করলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে ভারতে রয়েছেন তিনি। সেখানে থেকে সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি।

শেখ হাসিনার ফেরা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে হবে।