Image description

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পাবনা জেলা শাখার অন্তর্গত ঈশ্বরদী উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের পাবনা জেলা শাখার আহ্বায়ক জোবায়ের বিশ্বাস অন্তু ও যুগ্ম আহবায়ক তৌশিকুর রহমান রাভার সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন মাসের জন্য ১৮৩ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি, ১ বছরের জন্য ৪২ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী পৌর শাখার আংশিক কমিটি এবং ১ বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী সরকারি কলেজ শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উপজেলা শাখার কমিটিতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়কে আহ্বায়ক ও ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবির হাসান শৈশবকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পৌর শাখার কমিটিতে রাজু আহমেদকে সভাপতি ও শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক এবং সরকারি কলেজ শাখার কমিটিতে নাহিদ হোসেনকে সভাপতি ও ফয়সাল হাসান তারেককে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও উপজেলা শাখার আহবায়ক কমিটিতে ৫৬ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১২৫ জনকে সাধারণ সদস্য করা হয়েছে। পৌর শাখার কমিটিতে ১৩ জনকে সহ সভাপতি, ১২ জনকে যুগ্ম সম্পাদক, ১১ জনকে সাংগঠনিক সম্পাদক, প্রচার, উপ-প্রচার, দপ্তর ও উপ-দপ্তর সম্পাদক হিসেবে চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি কলেজ শাখার কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ৭ জনকে সহ সভাপতি, ৭ জনকে যুগ্ম সম্পাদক ও ৯ জনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার অন্তর্গত সাত ইউনিয়নে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ। বিতর্কের মুখে কমিটি ঘোষণার মাত্র তিন ঘন্টার মাথায় ওই সাত ইউনিয়ন সহ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাবনা জেলা ছাত্রলীগ। ওই ঘটনার ৩৮ দিন পর আবারও নতুন করে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হলো। তবে এ বিষয়ে নেতাকর্মীদের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।