সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা স্বাগত জানিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার নেতাকর্মীরা।
আজ রবিবার সকালে সকাল সাড়ে ৮টার দিকে শহরের প্রধান সড়কে এ মিছিল বের করা হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৫ মিনিট ৯ সেকেন্ডের ভিডিওতে মিছিলের সামনে একটি ব্যানার দেখা যায়।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানিয়েছেন, ১৫-২০ জনের একটি দল শহরের বকুলতলা থেকে তমালতলা পর্যন্ত মিছিল করেছে। তাদের অধিকাংশেরই মুখোশ পড়া। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত।