Image description

পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা, আশুলিয়া ও গাজীপুরে সংঘটিত অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জামায়াত ও আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর অভিযোগ, জামায়াত রাজপথ উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করছে আওয়ামী লীগ।

সোমবার (২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।

রাশেদ খান লেখেন, ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব’—লং মার্চ থেকে জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এর দায় কি জামায়াত এড়াতে পারে? তাঁর দাবি, জামায়াত রাজপথ উত্তপ্ত করছে এবং আন্দোলনের ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে আওয়ামী লীগ।পোস্টে তিনি আরও বলেন, গতকাল মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে একই ধরনের ঘটনা ঘটেছে। ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে দেশবিরোধী শক্তিগুলো এগোচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রাশেদ খানের দাবি, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকলেও গতকাল জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিলেন। আর সেই আন্দোলনের সুযোগ নিয়ে আওয়ামী লীগের কর্মীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, মানুষের পিকআপ ও পোশাক কারখানায় আগুন দিয়েছেন।তিনি আরও উল্লেখ করেন, অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এ অবস্থায় আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে উসকানিদাতা হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনা উচিত কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও গাজীপুরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।শীর্ষনিউজ