Image description

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে ভুল করে পরিত্যক্ত একটি লাইনে ঢুকে পড়েছিল ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস। তবে লাইনের মাঝামাঝি কাটা অংশ ও ক্রসিংয়ের পিলার দেখতে পেয়ে দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। পরে পেছনে গিয়ে পয়েন্ট পরিবর্তন করে নির্ধারিত লাইনে প্রবেশ করে ট্রেনটি।

 

সোমবার (২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট বিলম্ব হয় ট্রেনটির। বিকেলে নরুন্দি স্টেশন ছেড়ে জামালপুরের উদ্দেশে রওনা হয়।

 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর ট্রেনটি নরুন্দি স্টেশনে প্রবেশ করে। ট্রেনটির দুই নম্বর লাইনে ঢোকার কথা থাকলেও ভুলবশত সেটি পরিত্যক্ত তিন নম্বর লাইনে চলে যায়। স্টেশনের মাঝামাঝি কাটা লাইনে ক্রস পিলার দেখতে পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও ট্রেনটি পরে পিছিয়ে এসে ক্রসিং ঠিক করে দুই নম্বর লাইনে প্রবেশ করে। এই প্রক্রিয়ায় প্রায় আধঘণ্টা সময় নষ্ট হওয়ার পর বিকেল সাড়ে তিনটার দিকে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

রেলওয়ে স্টেশনের ব্যবসায়ী বকুল মিয়া বলেন, ট্রেন ঢোকার কথা দুই নম্বর লাইনে কিন্তু চলে যায় তিন নম্বরে। তবে ট্রেনের গতি কম থাকায় এবং চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

 

 

জানা গেছে, পাথর নামানোর জন্য তিন নম্বর লাইনের অর্ধেক অংশ সচল রাখা হয়েছে এবং এর পয়েন্ট ম্যানুয়ালি পরিবর্তন করা হয়।

 

পয়েন্টসম্যান মুজিবুর রহমান ভুল স্বীকার করে বলেন, পাথরের ট্রেন আসার কারণে বারবার পয়েন্ট পরিবর্তন করতে হয় এবং সে কারণেই এই ভুলটি হয়েছে।

 

এ বিষয়ে নরুন্দি রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন সালাফী এশিয়া পোস্টকে বলেন, ম্যানুয়ালি পয়েন্ট পরিবর্তনের কথা থাকলেও তা করা হয়নি। ভুলবশত ট্রেনটি তিন নম্বর লাইনে চলে গিয়েছিল, তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।