Image description

জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন,গত ৫৫ বছর ধরে আমরা সবসময় বলতাম, আমাদের দেশে একজন ভালো ড্রাইভার তথা দক্ষ প্রধানমন্ত্রী দরকার। ঠিক যেমন ড্রাইভার ভালো হলে গাড়ি সুন্দরভাবে চলে, তেমনি দেশ চালানোর ক্ষেত্রেও দক্ষ প্রধানমন্ত্রী প্রয়োজন। অবশেষে আমরা একজন সত্যিকারের ভালো ড্রাইভার পেয়েছি, যিনি দেশের মানুষকে মন থেকে ভালোবাসেন।

রোববার (১৮ অক্টোবর) বেলা ৩টার দিকে লক্ষ্মীপুরের কমলনগরের করুণানগর এলাকার শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) ডা. শামসুল আলম এবং কমলনগরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম।

​বক্তব্য শেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় শুভেচ্ছা হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, ঈদে যদি মুসলমানেরা শাড়ি উপহার পায়, তবে সনাতন ধর্মের মা-বোনেরা কেন পাবেন না? প্রধানমন্ত্রী সে কথা চিন্তা করে লক্ষাধিক মণ্ডপে শাড়ি পাঠিয়েছেন। এটাই উনার উদারতা ও সম্প্রীতির প্রতীক। তাঁর নির্দেশ সম্পদের অপচয় কমানো, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া, অতিরিক্ত গাড়ি ব্যবহার না করা এবং রাষ্ট্রের সম্পদ সুরক্ষা করা। একই সাথে দুর্নীতিমুক্ত থাকা এবং প্রতিপক্ষের কোন ক্ষতি না করা। আমরা তো এমনই একজন প্রধানমন্ত্রী চেয়েছিলাম।

​​তিনি আরও বলেন, মানুষ প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়েও কটু কথা বা গালাগালি করে। কিন্তু আপনারা কি শুনেছেন,এই কারণে কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে?

শারদীয় দুর্গোৎসবের উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে হুইপ বলেন, বিসর্জনের আগে দেবীর চরণে আমি একটি প্রার্থনার অনুরোধ করবো। রাষ্ট্র ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। আপনারা যেমন পরিবারের সবার জন্য প্রার্থনা করেন, তেমনি দেবীর চরণে প্রার্থনা করবেন-ভগবান যেন এই প্রধানমন্ত্রীকে দীর্ঘায়ু দান করেন, উনি যেন দীর্ঘদিন বেঁচে থেকে দেশকে সেবা দিয়ে যেতে পারেন।

​স্থানীয় এ সাংসদ আরো বলেন, সারা বছর মুসলমানরা যেমন ঈদের জন্য অপেক্ষা করে, সনাতন ধর্মাবলম্বীরাও ঠিক তেমনি মা দুর্গার আগমনের জন্য প্রহর গোনে। মাতৃগর্ভে থাকার সময় কেউ জানে না তার ধর্ম কী হবে, জন্মের পর পিতা-মাতা ও পরিবেশের মাধ্যমে ধর্ম লাভ করে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে সবচেয়ে বড় ধর্ম হলো মানবধর্ম, মানুষকে ভালোবাসাই মূল ধর্ম। মা দুর্গার আগমন ঘটে অসুরের বিরুদ্ধে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং সত্য, নিষ্ঠা ও মানবতার পক্ষে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, হাজিরহাট ইউনিয়নের সভাপতি মো. ফরহাদ মিয়া, লরেন্স ইউনিয়নের সভাপতি শিব্বির আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোরশেদ, যুবদলের আহ্বায়ক মো. ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব আবু সায়েম দোলন, ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজু, সদস্য সচিব মো. জাফর আহাম্মদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।